রো ল্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সুমন

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৩৪
 
অর্থহীনের ব্যান্ডের সুমন। সঙ্গীতভূবনে বেসবাবা নামেই যার পরিচিতি। চোখের সামনে ভেসে ওঠে কালো সানগ্লাস, কালো শার্ট আর হাতে বেস গিটার। মঞ্চের ভাবগম্ভীর মানুষটি কিন্তু ব্যক্তিগত জীবনে প্রাণোচ্ছ্বল, আমুদে।
 
সম্প্রতি রো ল্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। আর আনুষ্ঠানিক এই ঘোষণার চুক্তিবদ্ধ হতে চলতি মাসের শেষে কিংবা মার্চ মাসের শুরুতে রো ল্যান্ডের অফিসে যাবেন। এরআগেও ৩টি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োজিত ছিলেন সুমন। 
 
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পুরো বিষয়টি খুব উপভোগ করছি। মানুষের কত স্বপ্ন থাকে, আমার সব স্বপ্ন ইনস্ট্রুমেন্টকে ঘিরে। রো ল্যান্ডের মতো এমন একটি আন্তর্জাতিক  প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পেরেছি বাংলাদেশি হিসেবে এটা ভাবতেই ভালো লাগছে।’
 
নিজের এবং ব্যান্ডের বর্তমান কাজ প্রসঙ্গে বলেন, ‘এ বছর নিজের এবং নিজের ব্যান্ডের প্রায় ৪ থেকে ৫টি অ্যালবাম বাজারে আসতে যাচ্ছে। সেগুলোর রেকর্ডিং, পাশাপাশি স্টেজ শো নিয়ে ব্যস্ততা চলছে। অ্যালবামগুলোর মধ্যে অর্থহীনের অ্যালবাম, নিজের বেস গিটারের ইনস্ট্রুমেন্টাল,  মহান ফাহিম ও সুমনের ডুয়েট ইনস্ট্রুমেন্টাল এবং আনিলার সাথে ডুয়েট অ্যালবাম নিয়ে একটু বেশি আশাবাদী।’
 
ইত্তেফাক/এমএআর