আগামীকাল রবিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে সন্ধ্যা সাড়ে ৬টায় মঞ্চস্থ হবে ‘শিখণ্ডী কথা’। এটি এ নাটকের ১৬৬তম প্রদর্শনী।
হিজলতলী গ্রামে বাড়ি রমজেদ মোল্লার। তার পরিবারে জন্ম হয় রতন মোল্লার। কিন্তু বয়ঃসন্ধিকালে দেখা যায়, সে অংশত নারী, অংশত পুরুষ। তারপর জীবনের সব স্বাভাবিকতা বিনষ্ট হয়ে জন্মের এক ভীষণ যন্ত্রণা সহস্রমুখো দানবের মতো জীবনের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত তাড়িয়ে বেড়ায় তাকে। তৃতীয় লিঙ্গের মানুষের সুখ-দুঃখের কথা নিয়ে গড়ে উঠেছে ‘শিখণ্ডী কথা’ নাটকের কাহিনী।
আনন জামানের রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন ড. রশীদ হারুন। এতে অভিনয় করেছেন মীর জাহিদ হাসান, আনন জামান, পলি বিশ্বাস, উৎপল চক্রবর্তী, সামিউল জীবন, হাবিবুর রহমান, মো. শাহনেওয়াজ, সৈয়দ ফেরদৌস ইকরাম, কামরুজ্জামান সবুজ, সৈয়দ লুৎফর রহমান, ইকবাল চৌধুরী, বিথুন আহমেদ, সাথী, তৌহিদুর রহমান, সামসুল আলম, রিফাত হোসেন, আরাফাত প্রমূখ।
মহাকাল নাট্য সম্প্রদায়ের একটি গবেষণা নাটক ‘শিখণ্ডী কথা’। ২০০২ সালের ২৫ সেপ্টেম্বর প্রথম মঞ্চে আসে নাটকটি। ২০০৬ সালে মহিলা সমিতির মঞ্চে ৫০তম প্রদর্শনী হয়। ২০১০ সালে জাতীয় নাট্যশালার মূল হলে শততম মঞ্চায়ন হয়।
ইত্তেফাক/এমএআর
