শুরু হলো বিসিএলের দ্বিতীয় রাউন্ড

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:১২
মাঠে গড়ালো বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) লংগার ভার্সনের দ্বিতীয় রাউন্ড।  শনিবার সকাল সাড়ে নয়টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়ালটন মধ্যাঞ্চল নেমেছে বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে।
 
আর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল মুখোমুখি হয় ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের।
 
চট্টগ্রামে দ্বিতীয় রাউন্ডে জয় পেতে মুখিয়ে আছে মধ্যাঞ্চল। কারণ প্রথম ম্যাচে তারা হেরেছিল পূর্বাঞ্চলের কাছে। প্রথম ম্যাচে ড্র করা উত্তরাঞ্চলেরও লক্ষ্য জয়। সিলেটে জয়ের ধারা অব্যাহত রাখার টার্গেটেই খেলবে পূর্বাঞ্চল।
 
বিসিএলের পঞ্চম আসরের প্রথম রাউন্ডের মতো এবারও থাকছেন না জাতীয় দলের তারকা ক্রিকেটাররা। তবে ভারত সফরের দল থেকে বাদ পড়া ক্রিকেটাররা খেলবেন দ্বিতীয় রাউন্ডে। দুই পেসার মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন মাঠে নামবেন প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের হয়ে।  শুক্রবার সিলেটে দলের সঙ্গে অনুশীলন করেছেন তারা।
 
ডানহাতি পেসার আল-আমিন হোসেনের সঙ্গে তাদের উপস্থিতিতে দক্ষিণাঞ্চলের পেস বোলিং আক্রমণ হয়ে গেল অন্য দলগুলোর চেয়ে অনেক বেশি শক্তিশালী। তাছাড়া স্পিনে তো আব্দুর রাজ্জাক আছেনই।
 
প্রায় দেড় বছর পর প্রথম শ্রেণির ক্রিকেট খেলতে নামছেন মুস্তাফিজ। স্কিল ফিটনেসে ঘাটতি থাকায় ভারত সফরে না যাওয়া এই বাঁহাতি পেসার সর্বশেষ চারদিনের ম্যাচ খেলেছেন ২০১৫ সালের অক্টোবরে। জাতীয় ক্রিকেট লিগে খুলনা বিভাগের হয়ে প্রথম ইনিংসে ৪৬ রানে চার উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে অবশ্য উইকেট পাননি তিনি।
 
তবে রুবেল হোসেন গত বছরই অক্টোবরে জাতীয় ক্রিকেট লিগে খেলেছিলেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেললেও উইকেট শূন্য ছিলেন তিনি।
 
প্রথম রাউন্ড শেষে বিসিএলের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বিসিবি উত্তরাঞ্চল। এক পয়েন্ট পাওয়া প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল তৃতীয় স্থানে। গত আসরের চ্যাম্পিয়ন ওয়ালটন মধ্যাঞ্চল এখনো কোনো পয়েন্ট সংগ্রহ করতে পারেনি। দ্বিতীয় রাউন্ডে তাদের হয়ে খেলবেন ভারত সফরের দল থেকে বাদ পড়া উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।
 
ইত্তেফাক/এমএইচ