দ্রুত চলছে ফুলবাড়ি শিলাখনির উন্নয়ন

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:১৫
 
দিনাজপুরের ফুলবাড়ি মধ্যপাড়া কঠিন শিলাখনির দ্বিতীয় শিফটে ভূগর্ভ থেকে পাথর উত্তোলনের লক্ষ্যে এর উন্নয়ন কাজ দ্রুতই চলছে।
 
খনি সূত্র থেকে জানা যায়, খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয় ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) তাদের নিজস্ব জনবলের পাশাপাশি খনি বিশেষজ্ঞদের নিয়ে ভূগর্ভের কাজ চালাচ্ছে। দিন তারিখ নিদিষ্ট না হলেও খুব শীঘ্রই খনির ভূগর্ভ থেকে পাথর উত্তোলন শুরু হবে বলে জানা যায়।
 
খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয় ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) সূত্রে জানা যায়, খনির পাথর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে খনির ভূগর্ভে নতুন স্টোপ ( শিলা উৎপাদন ইউনিট) নির্মাণসহ খনির উন্নয়নের জন্য বিশ্বমানের অত্যাধুনিক মেশিনারিজ ও যন্ত্রাংশ আমদানি করা হয়েছে। বিভিন্ন দেশ থেকে এসব মেশিনারিজ ও যন্ত্রাংশ সংগ্রহ করতে দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে। এতে করে দীর্ঘ সময় ধরে খনির কার্যক্রম চালাতে গিয়ে নিজেদের বিপুল অঙ্কের অর্থের লোকসান গুনতে হয়েছে বলে জানায় ওই প্রতিষ্ঠান।
 
ইতোমধ্যে প্রায় সব মেশিনারি ও যন্ত্রাংশ খনিতে পৌঁছে যাওয়ায় খনির ভূগর্ভ থেকে দুই শিফটে পাথর উত্তোলনের লক্ষ্যে ভূগর্ভের উন্নয়ন কাজও দ্রুত গতিতে চলছে। খুব দ্রুতই খনির উৎপাদন কাজ শুরু করা যাবে এমনটা আশা করছেন জিটিসি কর্তৃপক্ষ। আর সেই লক্ষ্যকে সামনে রেখেই দীর্ঘ সময় সাময়িক অবসরে যাওয়া স্থানীয় শ্রমিক-কর্মচারীদেরকে কর্মস্থলে ফিরিয়ে নেয়া শুরু করা হয়েছে।
 
নাম প্রকাশ না করার শর্তে জিটিসি'র এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, ভূগর্ভের প্রায় ৭০ভাগ উন্নয়ন কাজ শেষ হয়েছে। অল্প দিনের মধ্যে বাকি কাজও শেষ হয়ে যাবে। খনিতে দুই শিফটে পাথর উত্তোলন শুরু হলে খনির উত্তোলিত পাথর দেশের প্রায় বেশিরভাগই অবকাঠামোগত উন্নয়নমূলক কাজে পাথরের চাহিদা মেটাতে সক্ষম হবে। এতে করে বিদেশ থেকে পাথর আমদানি নির্ভরতা কমে যাবে।
 
ইত্তেফাক/এসএস