পোল্ট্রি সেক্টরে বিনিয়োগের জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি বলেছেন, বর্তমান সরকার দেশের মানুষের আমিষ ও পুষ্টি চাহিদা পূরণে আন্তরিক।
তিনি বলেন, ‘পুষ্টিকর খাদ্য নিশ্চিত করাই উন্নত জাতি গঠণের পূর্বশর্ত। এজন্য বর্তমান সরকার পোল্ট্রি সেক্টরে বিনিয়োগকে উৎসাহিত করছে। এ সুবিধা নিয়ে দেশের অনেক শিক্ষিত বেকার যুবক এ সেক্টরে বিনিয়োগ করছে। যা তাদের বেকারত্ব দূর করার পাশাপাশি এ খাতে নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি করছে।’
শনিবার রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ঢাকা গ্রুপের টয়ো ফিড লিমিটেডের কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি বক্তৃতা করেন।
টয়ো ফিডের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ, পরিচালক শেখ ফজলে ফাহিম, সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম, বেপজা’র সাবেক সদস্য একেএম মাহবুবুর রহমান ও ঢাকা গ্রুপের নূরুল ইসলাম বক্তৃতা করেন।
শেখ সেলিম বলেন, উন্নতমানের পোল্ট্রি, ক্যাটল ও ফিস ফিডই দিতে পারে সুস্থ্য ও সবল গবাদিপশু ও মাছের নিশ্চয়তা। টয়ো ফিডের উৎপাদিত নতুন পশু ও মাছের খাবারে কোনো ক্ষতিকর রাসায়নিক উপাদান নেই। যা মানবদেহ, গবাদিপশু ও মাছের জন্য স্বাস্থ্যকর। এর ফলে দেশের মানুষ সুস্থ ও সবল প্রাণিজ উপাদান পাবে।
প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ঢাকা গ্রুপের ডিজি ফিড উৎপাদনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে মানসম্মত পশু ও মৎস্য খাদ্য নিশ্চিত করার আহ্বান জানান। বাসস
ইত্তেফাক/এএসএমইউ
