আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, শাহজাদপুরে সাংবাদিক শিমুল হত্যার ঘটনা অত্যন্ত দু:খজনক ও নিন্দনীয়। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জড়িতরা যতই প্রভাবশালী হোক, যে দলেরই হোক না কেন, তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। আইন শৃঙ্খলা বাহিনী তাদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে। ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১১টায পাবনা জেনারেল হাসপাতালের আইসিইউ ইউনিট উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আরো বলেন, আওয়ামী লীগের মতো বড় দলে ছোট-খাটো কোন্দল থাকা অস্বাভাবিক নয়, তবে সীমা লংঘনকারীদের অপরাধের দায় আওয়ামীলীগ নেবে না।
এর আগে মন্ত্রী পাবনা জেনারেল হাসপাতালের ৪ শয্যা বিশিষ্ট আইসিইউ ইউনিট উদ্বোধন করেন। এ সময় তিনি পাবনা মেডিকেল কলেজের ৫শ’ শয্যাবিশিষ্ট হাসপাতাল, বার্ণ ইউনিটসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রতিশ্রুতি দেন।
এ সময় মন্ত্রীর সঙ্গে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, পাবনা সদর আসনের এমপি গোলাম ফারুক প্রিন্স, জেলা প্রশাসক রেখা রানী বালো, পুলিশ সুপার জিহাদুল কবির, পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: রিয়াজুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে দুপুর একটায় মন্ত্রী শহরের গাছপাড়ায় স্বাস্থ্য সেবা হাসপাতালে আয়োজিত পাবনা ডায়াবেটিক সমিতির ব্যবহৃত জমির দলিল সমিতির অনুকূলে হস্তান্তর করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ২০১৯ সালের একদিন আগেও দেশে জাতীয় নির্বাচন হবে না। বর্তমান সরকারের মেয়াদ শেষে শেখ হাসিনার অধীনেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি যদি ওই নির্বাচনে না আসে, আবার যদি ভুল করে, তাহলে দেশে বিএনপির কোনো অস্তিত্ত্ব খুঁজে পাওয়া যাবেনা।
নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই বিএনপির সামনে।সেই নির্বাচনে উন্নয়ন আর জনগণের ভালবাসা নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আওয়ামী লীগ আবার আসবে। প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনাই।
পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি বেবী ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও পরিবার পরিকল্পনা প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা, স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু, দুদকের সাবেক কমিশনার সাহাবুদ্দিন চুপ্পু, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ, সমাজ সেবক মুস্তাক আহমেদ সুইট, জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, জেলা প্রশাসক রেখা রানী বালো, পুলিশ সুপার জিহাদুল কবির, সিভিল সার্জন ডা. তাহাজ্জেল হোসেন।
ইত্তেফাক/এএন
