আর্থিক উৎকর্ষ সাধনে ক্রমেই উপরের দিকে এগিয়ে চলেছে স্পেনের ক্লাবগুলো। পাশাপাশি তাদের স্টেডিয়ামগুলোতেও লেগেছে আধুনিকতার ছাপ। এখন তাদের আয় যেভাবে বেড়ে চলেছে তাতে তারা ইংলিশ প্রিমিয়ার লীগের বিশাল আয়কেও ছাড়িয়ে যেতে পারে।
শুক্রবার এমন মন্তব্য করেছেন লা লীগার প্রেসিডেন্ট জাভিয়ার তেবাস।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, লা লীগায় রয়েছে সেরা ক্লাব এবং সেরা খেলোয়াড়। যাদের মধ্যে ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি রয়েছেন। এ কারণে প্রিমিয়ার লীগকে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, আমরা এখন প্রিমিয়ার লীগকে প্রতিদ্বন্দ্বী মনে করি, এমনকি তাদের আয়কেও ছাড়িয়ে যেতে পারি। এরই মধ্যে আমরা কিছু কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করেছি। সত্যি কথা বলতে, এখন থেকে আগামী চার বছরের মধ্যে আমার প্রিমিয়ার লীগের ১৫ শতাংশ পেছনে পৌঁছে যাবো। এতেই আমি বেশ খুশি।’ প্রিমিয়ার লীগকে পেছনে ফেলাই আসলে লা লীগার প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেন তিনি।
তেবাস বলেন, ‘স্প্যানিস লীগের মাধ্যমে ক্লাবের বাজেটসমূহ এখন নিয়ন্ত্রণে চলে এসেছে। তারা এখন নিয়মিত কর পরিশোধ করছে। লা লীগার নতুন নিয়মের আলোকে শীর্ষ ক্লাব চারটি এখন তাদের স্টেডিয়ামগুলোর উন্নয়নে হাত দিয়েছে। এ প্রসঙ্গে তিনি অ্যাটলেটিকো মাদ্রিদের নতুন স্টেডিয়াম তৈরির এবং রিয়াল ও বার্সেলোনার স্টেডিয়াম উন্নয়নের বিষয়টিকে উদ্বৃত করেন।’
পরামর্শক প্রতিষ্ঠান ডেলয়টির তথ্য অনুযায়ী ২০১৪-১৫ মৌসুমে ইংলিশ ক্লাবগুলোর তহবিলে জমা পড়েছে ৪.৪ বিলিয়ন ইউরো। যা বুন্দেস লীগায় ২.৩ বিলিয়ন এবং লা লীগায় ২.০৫ বিলিয়ন ইউরো। তেবাসের মতে চলতি মৌসুমেই জার্মানীকে ছাড়িয়ে যাবে স্পেন। বাসস
ইত্তেফাক/এএসএমইউ
