বিদ্যুৎসংযোগে হয়রানি বন্ধে প্রতিমন্ত্রীর নির্দেশ

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৫৫
পল্লী বিদ্যুৎ সংযোগে গ্রাহক হয়রানি বন্ধ করার নির্দেশনা দিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সংযোগ পদ্ধতি সহজ করে দ্রুত বিদ্যুৎ দিন। আবাসিক সংযোগ এক দিনের মধ্যে এবং অন্যান্য সংযোগ দ্রুততর সময়ে দিতে হবে। শিল্প সংযোগ ২৮ দিনে দেয়ার নির্দেশনা থাকলেও তা আরো কম সময়ে দিতে সচেষ্ট থাকবেন। অপ্রয়োজনীয় কাগজ-পত্র চেয়ে গ্রাহকদের হয়রানি করবেন না। 
 
শনিবার রাজধানীতে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সম্মেলন কক্ষে পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর মহাব্যবস্থাপকদের (জিএম) বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন। 
 
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শতভাগ বিদ্যুতায়নের কাজে জনসম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ গ্রহণ করতে হবে। এমনভাবে পরিকল্পনা করুন, মানুষ যাতে আপনাদের ‘আলো দাতা’ হিসেবে সম্মান করে। 
 
নসরুল হামিদ বলেন, ট্রান্সফরমার পোড়ার হার আরও কমাতে হবে এবং রক্ষণাবেক্ষণ জোরদার করতে হবে। আবাসিক সংযোগ ১ দিনে দেয়া দরকার। প্রয়োজনে দ্রুত সংযোগের ক্ষেত্রে গ্রাহকের মালিকানা দলিলের পরিবর্তে জাতীয় পরিচয় পত্র দিয়ে দ্রুত সংযোগ দিতে হবে।