নানা আয়োজনে বিশ্ব ক্যান্সার দিবস পালিত

ক্যান্সারে প্রতিবছর মারা যায় ৯১ হাজার

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:০৮
‘আমি পারি, আমরাও পারি’- এই প্রতিপাদ্য বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হলো বিশ্ব ক্যান্সার দিবস। দেশে ক্যান্সার রোগীর সঠিক কোন পরিসংখ্যান নেই। তবে আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার (আইএআরসি) এর তথ্য মতে, প্রতি বছর বাংলাদেশে ১ লাখ ২২ হাজার মানুষ নতুন করে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। আক্রান্ত রোগীদের মধ্যে মারা যায় প্রতি বছর ৯১ হাজার। প্রতি বছর অসংখ্য রোগী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেলেও চাহিদার তুলনায় ক্যান্সারের চিকিৎসা ব্যবস্থা খুবই অপ্রতুল। 
 
এ রোগে বিশ্বে প্রতি বছর ১ কোটি ৪০ লাখ আক্রান্ত হন এবং বছরে ৮২ লাখ মানুষ মৃত্যুবরণ করেন। ক্যান্সার আক্রান্তদের মধ্যে ৩০ বছর থেকে ৬৯ বছর বয়সী শতকরা প্রায় ৫০ ভাগ রোগীর অকাল মৃত্যু হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ক্যান্সার আক্রান্তদের অকাল মৃত্যুরোধে দ্রুত রোগ শনাক্ত ও চিকিৎসা শুরুর উপর গুরুত্বারোপ করেছে। 
 
দিবসটি উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উদ্যোগে অনকোলজি বিভাগ, হেমাটোলজি বিভাগ ও শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগের যৌথ উদ্যোগে শনিবার এক বর্ণাঢ্য শোভযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান। 
 
এসময় আরো উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ,  প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক ডা. এএসএম জাকারিয়া স্বপন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মাসুদা বেগম, শিশু হেমাটোলজি অ্যান্ড অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. চৌধুরী ইয়াকুব জামাল, অনকোলজি (ক্যান্সার) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সারওয়ার আলম, উপ-রেজিস্ট্রার ও অনেকালজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জিল্লুর রহমান ভুঁইয়া প্রমুখ।
 
 
ইত্তেফাক/এমআই