আফ্রিকান নেশন্স কাপের ফাইনাল রবিবার

গৌরবের দিনগুলো ফেরাতে মুখোমুখি মিসর ও ক্যামেরুন

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৩৮
 
মিসর চতুর্থবারের মতো আফ্রিকান নেশন্স কাপ জয়ের লক্ষ্যে রবিবার ক্যামেরুনের মুখোমুখি হবে। গ্যাবনে অনুষ্ঠিত ফাইনালে জয়ের মধ্য দিয়ে প্রতিযোগিতার ৬০ বছরের ইতিহাসে সবচাইতে সফল এ দুটি দেশ তাদের গৌরবোজ্জ্বল ইতিহাসের পুনরুজ্জীবন ঘটাতে চায়।
 
এবারের আসরে ফেভারিট ভাবা হয়েছিল আলজেরিয়া, সেনেগাল ও বর্তমান চ্যাম্পিয়ন আইভরি কোস্টকে। কিন্তু তাদের কেউ এতটা পথ পাড়ি দিতে পারেনি। বরং আফ্রিকান নেশন্স কাপে ২০০৮ সালের ফাইনালের পুণরাবৃত্তি হতে যাচ্ছে রবিবার। মুখোমুখি হচ্ছে মিসর ও ক্যামেরুন।
 
এর আগে ২০০৬, ২০০৮ ও ২০১০ সালে শিরোপা জিতলেও মিসর ২০১২, ২০১৩ ও ২০১৫ সালের আসরের চূড়ান্ত পর্বে পৌছাতে পারেনি। এবার অবশ্য দলটি ফেভারিট হিসেবে খেলেই ফাইনালে উঠে আসে। ক্যামেরুন এক সময় আফ্রিকার দাপুটে ফুটবল শক্তি হলেও সে তুলনায় এবার ‘আন্ডারডগ’ হিসেবেই খেলে। তারপরও শেষ চারের লড়াইয়ে ঘানার মতো শক্তিশালী দেশকে হারিয়ে শিরোপা লড়াইয়ে যোগ দেয় ক্যামেরুন
 
জিতলে এটি হবে আফ্রিকার ‘অদম্য সিংহ’ হিসেবে খ্যাত ক্যামেরুনের ২০০২ সালের পর প্রথম ও সবমিলিয়ে পঞ্চম শিরোপা।
 
অপরদিকে সব মিলিয়ে সাতবারের চ্যাম্পিয়ন মিসর এ নিয়ে নবম বার ফাইনালে উঠলো। ফাইনালের পথে শেষ চারে তারা বুরকিনা ফাসোকে পেনাল্টিতে হারিয়ে ক্যামেরুনের প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়।
 
ইত্তেফাক/আরএ