ঢামেকের জরুরি বিভাগ এক ঘণ্টা বন্ধ রেখে ইন্টার্নদের প্রতিবাদ

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:১৪

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) রোগীর স্বজনদের হাতে এক সহকর্মী আহত হওয়ার ঘটনায় গতকাল শনিবার রাতে বিক্ষোভ করছেন শিক্ষানবিশ (ইন্টার্ন) চিকিত্সকরা। এ সময় তারা হাসপাতালের জরুরি বিভাগের ফটক বন্ধ করে দেন। এতে রাতে প্রায় এক ঘণ্টা মেডিক্যালের জরুরি বিভাগে ঢুকতে পারেননি রোগীরা।

ইন্টার্ন চিকিত্সকরা জানান, শিশু সার্জারি ওয়ার্ডে ভর্তি এক রোগীর কয়েকজন স্বজন রাত ৮টার দিকে বাক-বিতণ্ডার একপর্যায়ে তাদের এক নারী সহকর্মীকে আঘাত করে। এতে তার হাত কেটে যায়।

হাসপাতালে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বাচ্চু মিয়া জানান, এ ঘটনার প্রতিবাদে ইন্টার্ন চিকিত্সকরা রাত সাড়ে ৯টার দিকে জরুরি বিভাগের ফটক বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। পরে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন ও পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে যান। তারা ওই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে রাত সাড়ে ১০টার দিকে জরুরি বিভাগের ফটক থেকে সরে যান বিক্ষুব্ধরা। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়।  

ঢাকা মেডিক্যাল ইন্টার্ন ডক্টর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইফাত সামি সাংবাদিকদের বলেন, হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসে সাময়িকভাবে কর্মসূচি স্থগিত করেছেন তারা। তাদের গ্রেফতার করা না হলে নতুন কর্মসূচি দেওয়া হবে।

ইত্তেফাক/এসএসএ