সময়ের ব্যস্ততায় বন্দি জোভান

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৭, ১০:০৫
 
বর্তমান সময়ের ছোটপর্দার জনপ্রিয় মুখ মডেল ও অভিনেতা ফারহান আহমেদ জোভান। শোবিজের তরুণ তারকাদের মধ্যে তিনি অন্যদের চেয়ে অনেকটা এগিয়ে আছেন নিজের অভিনয় প্রতিভার গুণে। নিয়মিত কাজ করে চলছেন নাটক-বিজ্ঞাপনে।
 
শুধু তাই নয়, জোভান নিজের ক্যারিয়ারের ব্যাপারেও অনেক সচেতনতা অবলম্বন করছেন। খুব বুঝে শুনে নাটক ও বিজ্ঞাপনে কাজ করছেন তিনি। বর্তমানে বেশকিছু ধারাবাহিক নাটক নিয়ে ব্যস্ত রয়েছেন জোভান। তার অভিনীত বেশ কয়েকটি সিরিয়াল প্রচার হচ্ছে বিভিন্ন টিভি চ্যানেলে। পাশাপাশি তিনি কাজ করছেন দেশের বড় বড় সব বিপণন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে। তার অভিনীত প্রায় সব কাজই দর্শক সমাদৃত হচ্ছে।
 
জোভানের এখন ব্যস্ততা চলছে ‘ক্লোজআপ কাছে আসার অফলাইন গল্প’ প্রতিযোগিতায় বিজয়ী আতিয়া অনুলী রচিত ‘কেউ জানে না’ নাটকে অভিনয় নিয়ে। এই নাটকে জোভানের বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
 
নাটকটি পরিচালনা করছেন আরবি প্রীতম। নাটকটি প্রসঙ্গে জোভান বলেন, ‘সুন্দর একটি গল্পের নাটকের কাজ করছি। সাধারণত ক্লোজআপ কাছে আসার গল্পে দর্শক আগে যা দেখতেন তার চেয়ে এবারের গল্পে নতুনত্ব পাবেন। এবারের গল্পগুলো অফলাইনের। যারাই নাটক দেখবেন তাদের কেউ না কেউ নিজের বাস্তব জীবনের সাথে মিল খুঁজে পাবেন। তারা নাটকটি দেখলেই বুঝতে পারবেন। বাকিটা চমক হিসেবেই থাকুক।’
 
ইত্তেফাক/এমএআর