অনার কিলিং: মেয়েদের খুনের আগে ভিডিও করল বাবা!

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:৩৯
পরিবারের সম্মান বাঁচাতে আপন দুই মেয়েকে খুন করেছেন বাবা। আর খুনের আগে মেয়েদের ভিডিও শ্যুট করেন ওই ব্যক্তি।
 
ইয়াসির আবদেল সাইদ নামে সন্দেহভাজন ওই ব্যক্তির খোঁজ দিতে পারলে এক লাখ মার্কিন ডলার পুরস্কারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)।
 
২০০৮ সালের শুরুতে বড় মেয়ে আমিনা (১৮) ও ছোটো মেয়ে সারা-কে (১৭) ১১ বার গুলি করার অভিযোগ রয়েছে ইয়াসিরের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই পলাতক সে।
 
স্থানীয় সংবাদমাধ্যম বলছে, বাবা হিসেবে ইয়াসির ভীষণ অত্যাচারী ছিল। ১৯৯৮ সালে দুই মেয়ে আমিনা ও সারা তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনে। সে সময় তাদের বয়স ছিল ৯ ও ৮ বছর।
 
আমিনা ও সারার মাও এই অভিযোগ সত্যি বলে দাবি করেছিলেন। যদিও পরে আমিনা ও সারা তদন্তকারী কর্মকর্তাদের জানিয়েছিলেন, রুরাল টেক্সাসের স্কুলে ভর্তি হতে চান না বলে তারা বাবার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করেছিলেন।
 
সম্প্রতি একটি ভিডিও সামনে এসেছে। সেখানে ঘুমন্ত দুই বোনের ভিডিও করতে দেখা যাচ্ছে অভিযুক্ত ইয়াসিরকে। ওই ভিডিও-তে খুনের আগে মেয়েদের চোখ ও পায়ের প্রশংসা করতেও শোনা যায় তাকে। তবে তাতে খুনের দৃশ্য নেই।
 
আমিনার প্রেমিক জোশেফ মোরেনো জানান, তাকে আমিনা জানিয়েছিলেন ইয়াসির তাদের কতটা কড়া শাসনে রাখত। জোশেফ চেয়েছিলেন, আমিনাকে ওই পরিবেশ থেকে বের করে নিয়ে আসতে। কিন্তু তার আগেই খুন হয়ে যান আমিনা।
 
গুলি লাগার পর আমিনা ফোন করেন ৯১১ নম্বরে। ফোনে আমিনা বলেন, 'ও ঈশ্বর, আমি মারা যাচ্ছি।'
 
পুলিশের অনুমান, ইয়াসির জানতে পারে আমিনা জোশেফের সঙ্গে সম্পর্কে রয়েছে। হয়ত এরপরই দুই মেয়েকে শেষ করে ফেলার সিদ্ধান্ত নেয় সে। 
 
ইত্তেফাক/এএম