মুজিবনগরে প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৭, ১২:১৯
 
মেহেরপুর মুজিবনগর উপজেলায় নানার বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে এক বাকপ্রতিবন্ধী কিশোরী (১৬)।
 
রাস্তা থেকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে স্থানীয় খোকন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় উপজেলার শিবপুর গ্রামে।
 
ভুক্তভোগী প্রতিবন্ধীর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে যায় বাকপ্রতিবন্ধী। নানীর কাছে রেখে একই গ্রামে ফুফার বাড়িতে যায় তার মা। এর কিছুক্ষণ পরে সে তার মাকে খুঁজতে নানীর বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় ওঠে। তাকে একলা পেয়ে প্রতিবেশী মুকুলের ছেলে খোকন জোর করে ধরে নিয়ে নিজের শয়নকক্ষে হাত-পা ও মুখ বেধে ধর্ষণ করে। ওই প্রতিবন্ধী নানীর বাড়ি ফিরে ইশারায় বিষয়টি বোঝায়। তার কথায় সাড়া দিলে সে খোকনের বাড়িতে নিয়ে যায় তার মা ও নানা বাড়ির লোকজনকে। সেখানে বিছানায় রক্ত দেখতে পেয়ে বিষয়টি নিশ্চিত হয় পরিবারের লোকজন।
 
খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেকেন্ড অফিসার এসআই মতিউর রহমান সেখান থেকে আলামত সংগ্রহ করেন। রাতেই খোকনকে আসামি করে মুজিবনগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি গ্রহণ করেন। বাকপ্রতিন্ধীকে ডাক্তারি পরীক্ষা করানোর জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
 
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগী ও তার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেছেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আল মাহমুদ। দ্রুত আসামিকে গ্রেফতারে মুজিবনগর থানা পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন তিনি।
 
ইত্তেফাক/এসএস