বাড্ডায় আইএসপি প্রতিষ্ঠানে হামলা, প্রতিবাদ রাজপথে

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:০৬
 
বাড্ডায় অবস্থিত লাইসেন্সধারী আইএসপি প্রতিষ্ঠান 'স্যাম-অনলাইন'-এ হামলার প্রতিবাদে রাজপথে মানববন্ধন করে প্রতিবাদ জানিয়েছে রাজধানীর কয়েকশ আইএসপি প্রতিষ্ঠান। বাড্ডা লিংক রোডে হওয়া মানববন্ধনে তারা জানায়, এলাকার স্থানীয় সন্ত্রাসীরা বরাবরই লাইসেন্সধারী আইএসপি প্রতিষ্ঠানগুলোকে ঝামেলায় ফেলে। তারা জোর করে ব্যবসার অংশীদার হতে চায়। আর তা মেনে না নিলে তার কেটে দিয়ে বা যন্ত্রপাতি চুরি করে নষ্ট করে চলে যায়।
 
IMG0
 
'স্যাম-অনলাইন'র মালিক মো. মিজানুর রহমানের কাছে এই হামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন। বরাবরই বিমান সুমন আমাদের বিরক্ত করে আসছিল। সে একবার ব্রডব্যান্ড লাইন নেয় আবার ছেড়ে দেয়। টাকা দেয় না। আমরা তাকে এ নিয়ে কিছু বলিনি। কিন্তু সেদিন হঠাৎ করে সে হামলা চালায় এবং আমার অফিস স্টাফদের মারধর করে অফিসে থাকা কম্পিউটারগুলো ভেঙ্গে ফেলে। বিষয়টি নিয়ে বাড্ডা থানায় মামলা করা হলে পুলিশ এই ব্যক্তিকে গ্রেফতার করেছে।
 
এ সময় সেখানে উপস্থিত অপর আইএসপি প্রতিষ্ঠানে মালিকেরা বলেন, এটা ছিল অফিসে হামলা। এ ছাড়াও আমাদের এলাকায় প্রতিনিয়ত নানান সমস্যার মুখে পরি আমরা। আমাদের নিজ নিজ এলাকায় লাইসেন্সবিহীন আইএসপি প্রতিষ্ঠানগুলো বিভিন্ন নামে-বেনামে ব্যবসা করছে। যারা মানুষকে নুন্যতম সেবা দিতেও ব্যর্থ। কিন্তু এলাকার স্থানীয় সন্ত্রাসীরা এই ব্যবসা করায় তাদের লাইন ছাড়া অন্য কোন প্রতিষ্ঠানের থেকে ব্রডব্যান্ড লাইন নিতে পারছে না গ্রাহকেরা। আমরা কোনভাবে গ্রাহকের কাছে লাইন নিয়ে গেলে তারা সংযোগ তার কেটে দিচ্ছে অথবা যন্ত্র চুরি করে নিয়ে যাচ্ছে।
 
এদিকে 'স্যাম-অনলাইন'-এ হামলার বিষয়ে বাড্ডা থানায় যোগাযোগ করা হলে ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আমরা বিষয়টি সম্পর্কে জানি। মামলা করা হয়েছে এবং এ ঘটনায় একজনকে গ্রেফতারও করা হয়েছে। ভবিষ্যতেও অভিযোগ পেলে আমার যতদ্রুত সম্ভব ব্যবস্থা গ্রহণ করব।ৱ
 
 
ইত্তেফাক/আরএ