ইশতিয়াক আহমেদের কথায় মিনারের ‘কারণে অকারণে’

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:১০
 
জনপ্রিয় সঙ্গীতশিল্পী মিনার রহমান। ‌‘সাদা’ গান দিয়েই যার পরিচিতি, এরপর একেএকে আড়ি, আরও একটু দূরে কিংবা সবশেষ প্রকাশিত ঝুম গান দিয়ে ব্যাপক শ্রোতাপ্রিয়তা অর্জন করেছেন। মিনারের নতুন খবর হলো, আসছে ভালবাসা দিবসে প্রকাশিত হচ্ছে ‘কারণে অকারণে’ শিরোনামের বিশেষ ইপি। যেখানে গান রয়েছে তিনটি। 
 
‘কারণে অকারণে’ গানটি ছাড়াও অন্যদুটি গানের শিরোনাম হলো ‘কেউ’ এবং ‘ঢাকা’। একটি গানের সুর মিনারের, অন্য দুটি করেছেন মার্শেল। তিনটি গানেরই কথা লিখেছেন জনপ্রিয় কথাশিল্পী, গীতিকার ইশতিয়াক আহমেদ।
 
নতুন গান নিয়ে মিনার ইত্তেফাক অনলাইনকে বলেন, তিনটি গান নিয়েই আশাবাদী। আমার সুর করা গানটি একটু অন্য আবহে প্রেজেন্ট করতে চেয়েছি। যার জন্য গানটির সংগীতায়োজক শাকেরকেও বিশেষ ধন্যবাদ দেওয়া যায়। অন্য দুটি গানও ভালো হয়েছে। মার্শেল নতুন হিসেবে খুবই ম্যাচিউরড মিউজিক করেছে। গানগুলো কথা দারুণ পছন্দ হয়েছে।
 
গানের কথা নিয়ে ইশতিয়াক আহমেদ বলেন, ‘তিনটি গানেরেই কথা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে লেখা হয়েছে, এরমধ্যে বিশেষ গুরুত্বে লেখা ‘কারণে অকারণে’ গানটি বর্তমান তরুণ প্রজন্মের কাছে বিশেষ জনপ্রিয়তা পাবে বলে আশা করছি।’
 
অন্যদুটি গানের প্রসঙ্গে জনপ্রিয় এ গীতিকার আরো বলেন, ঢাকা নিয়ে লেখা গানটি সময়োপযোগী এবং বাস্তবতার নিরিখেই লেখা। দুর্ভাগ্যজনক হলেও সত্য ঢাকা নিয়ে আমাদের খুববেশি গান হয়নি, এজন্য এ বিষয়ে গানটি লিখতে উদ্বুদ্ধ হয়েছি। মিনারের কণ্ঠে গানগুলো শ্রোতাদের ভাল লাগবে আশা করি।’
 
অ্যালবামটি শিগগিরই প্রকাশিত হবে ঈগল মিউজিকের ব্যানারে। এছাড়াও গানগুলো পাওয়া যাবে জিপি মিউজিক, রবি-ইয়ন্ডার মিউজিক অ্যাপ-সহ ডিজিটাল প্ল্যাটফর্মের বিভিন্ন মাধ্যমে।
 
ইত্তেফাক/এমএআর