ব্যাটিং ও অধিনায়কত্বের নিজস্ব ধরন আছে বিরাট কোহলির। এই মুহূর্তে সে বিশ্বের সেরা ব্যাটসম্যানদের একজন। পাশাপাশি অধিনায়ক হিসেবেও সে সফল। এই রায় দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ক্রিকেটার ব্রায়ান লারা।
ভারতের হায়দ্রাবাদে একটি গলফ প্রতিযোগিতায় যোগ দিতে এসেছেন লারা। এখানেই কয়েক দিন পরে শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ টেস্ট। স্বভাবতই ক্রিকেট নিয়ে প্রশ্নের জবাব দিতে হয় লারাকে।
তিনি বিরাটের প্রশংসা করে বলেন, ‘বিরাট কোহলি সমসাময়িক ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান। তার ব্যাটিংয়ের নিজস্ব ভঙ্গি আছে। আমি অন্য কারো সঙ্গে তার তুলনা করতে চাই না। ওর অধিনায়কত্বেরও নিজস্ব ধরন আছে। সেটা অত্যন্ত কার্যকরী প্রমাণিত হয়েছে।'
শচীন টেন্ডুলকারেরও প্রশংসা করেছেন লারা। তিনি বলেছেন, শচীন নিজের সেরা ফর্মে থাকার সময় অন্য ক্রিকেটারদের কাছে অনুপ্রেরণা ছিলেন। তিনি অবসর নেওয়ার পর একঝাঁক তরুণ একইভাবে ভাল খেলে চলেছেন।
বাংলাদেশের বোলিং কোচ লারার সাবেক সতীর্থ কোর্টনি ওয়ালশ। তবে আসন্ন টেস্টে ভারতকেই এগিয়ে রাখছেন লারা।
ইত্তেফাক/এএম
