থ্রোবলের ফাইনালে পুলিশ ও খুলনা জেলা

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৪৭
জাতীয় থ্রোবলের ফাইনালে উঠেছে বাংলাদেশ পুলিশ ও খুলনা জেলা। আর মহিলা বিভাগে ফাইনালে উঠেছে বাংলাদেশ আনসার ও সাতক্ষীরা জেলা। সোমবার সকাল ১১টায় পল্টন মাঠে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।
 
রবিবার পল্টন মাঠে প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষ বিভাগে জয় পেয়েছে বাংলাদেশ পুলিশ ও খুলনা জেলা। বাংলাদেশ পুলিশ ২-০ সেটের ব্যবধানে গ্লোরিয়াস স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে ফাইনালে ওঠে। আর খুলনা জেলা একই ব্যবধানে সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।
 
এদিকে মহিলা বিভাগে বাংলাদেশ আনসার ও ভিডিডি এবং সাতক্ষীরা জেলা জয় পেয়েছে। বাংলাদেশ আনসার ও ভিডিপি ২-০ সেটের ব্যবধানে বাংলাদেশ পুলিশকে হারিয়ে ফাইনালের টিকিট পায়। আর সাতক্ষীরা জেলা একই ব্যবধানে জেবি স্পোর্টিং ক্লাবকে হারিয়ে ফাইনালে ওঠে।
 
দ্বিতীয় জাতীয় থ্রোবল প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ১০টি ও মহিলা বিভাগে ৭টি দল অংশ নিয়েছে। পুরুষ বিভাগের দলগুলো হল- বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও ভিডিপি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, খুলনা জেলা, ময়মনসিংহ জেলা, গ্লোরিয়াস স্পোর্টিং ক্লাব, গাজীপুর জেলা, সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ, সাতক্ষীরা জেলা ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। মহিলা বিভাগে অংশ নেওয়া দলগুলো হল- বাংলাদেশ আনসার ও ভিডিপি, বাংলাদেশ পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, সাতক্ষীরা জেলা, জেবি স্পোর্টিং, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ময়মনসিংহ জেলা।
 
ইত্তেফাক/এমএইচ