দলে পরিবর্তনের জন্য সময় চাইলেন গার্দিওলা

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৭, ২০:০৪
দলকে পরিবর্তন ও প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের উপযুক্ত করে গড়ে তোলার জন্য আরো সময়ের প্রয়োজন বলে মন্তব্য করেছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা।
 
সোয়ানসি সিটিকে আতিথেয়তা দেয়ার আগে তার দলটি শীর্ষ পয়েন্টধারী চেলসির চেয়ে ১৩ পয়েন্টে পিছিয়ে থেকে লীগের পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে অবস্থান করছিল। দলটির বেশ কজন খেলোয়াড় রয়েছে যাদের বয়স ৩০ বছর ছাঁড়িয়ে গেছে। এদের মধ্যে আছেন ইয়াইয়া তোরে, পাবলো জাবালেটা, ফেরমানদিনহো, আলেকসাঁন্দার কোলারভ ও ডেভিড সিলভা।
 
গার্দিওলা বলেন, দলে প্রয়োজনীয় পরিবর্তনের জন্য সময়ের প্রয়োজন। অন্যথায়, তার পদ্ধতির সঙ্গে তারা মানিয়ে নিতে পারবে না।
 
এক সংবাদ সম্মেলনে গার্দিওলা বলেন, ‘রাতারাতি একটি দলে পরিবর্তন আনা সম্ভব নয়। এটি অসম্ভব ব্যাপার। গড়ে প্রতিটি খেলোয়াড়ের জন্য খরচ হয় ৪৫ থেকে ৫০ মিলিয়ন পাউন্ড। তাই এটি করা অসম্ভব বিষয়। অপরদিকে সাত, আট বা নয়জন খেলোয়াড়ের পরিবর্তে সমান সংখ্যক খেলোয়াড় অন্তর্ভুক্ত করাও অসম্ভব বিষয়। এটি যেমন কঠিন, তেমনি ভালও হবে না।’
 
গার্দিওলা তার দলের তারকা খেলোয়াড়দের সঙ্গে ভাল খেলার বিষয়ে গুরুত্ব তুলে ধরে আলোচনা করেছেন এবং বলেছেন, ক্লাবের চেতনার জন্য তারা খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি তিনি তাদের সতর্ক করে দিয়ে বলেছেন যে দলে পরিবর্তন আসছে।
 
স্প্যানিশ এই কোচ বলেন, ‘আমরা এটি অনুধাবন করছি যে দলে বিপুল সংখ্যক খেলোয়াড়ের বয়স ৩০ বছরের বেশি। উদাহারণ হিসেবে বলা যায়- ফুল ব্যাকে যারা আছেন তাদের গড় বয়স ৩১ থেকে ৩২ বছর। কিন্তু তারা দলের খুবই গুরুত্বপূর্ণ অংশ। তাই চাইলেই এক মৌসুমের মধ্যে সবকিছু পাল্টে দেয়া যায়না। কারণ তারা হচ্ছে একটি দলের মূল ভিত্তি।’
 
সাবেক বার্সেলোনা কোচ বলেন, ‘আমি জানি এই মুহূর্তে দলের জন্য ইয়াইয়া তোরে কতটা গুরুত্বপূর্ণ। কোলারভের ভূমিকা কেমন। সাজঘরে পাবলো কতটা ব্যক্তিত্ব সম্পন্ন। দিন শেষে এটিই সত্যি যে এরা সবাই বয়স্ক খেলোয়াড়। তবে একটি প্রক্রিয়ার মধ্যে অবশ্যই এর পরিবর্তন ঘটবে।’
 

ইত্তেফাক/এএম।