‘সরকারি হাসপাতালে মানুষ কম খরচে উন্নত চিকিৎসা পাচ্ছে’

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৪৪
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম হাসপাতালে দালাল চক্র যেন ভিড়তে না পারে সেদিকে সতর্ক থাকার জন্য পরিচালকদের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, সরকারি হাসপাতালে এখন সাধারণ মানুষ কম খরচে অত্যাধুনিক চিকিত্সা সেবা পাচ্ছে। দেশের হাসপাতালগুলোতে চিকিত্সক সঙ্কট নেই বললেই চলে। গত ডিসেম্বরে ১০ হাজার নিয়োগের পর পর্যাপ্ত সংখ্যক নার্স এখন রোগীর সেবা দিচ্ছেন। তারা মানসম্মত সেবা দিলে রোগীরা অন্য কোথাও যাবার কথা ভাববেন না। তাই রোগীর যথাযথ সেবা নিশ্চিত করার পাশাপাশি হাসপাতালে দালালদের অনুপ্রবেশ রোধে সকলকে সচেষ্ট থাকতে হবে।
 
রবিবার রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নবসজ্জিত জরুরি বিভাগ, ওয়ান স্টপ সার্ভিস সেন্টার এবং বাগান উদ্বোধনকালে চিকিত্সক ও নার্সদের উদ্দেশে তিনি একথা বলেন। 
 
সোহরাওয়ার্দী হাসপাতালে সান্ধ্যকালীন সময়ে বিশেষজ্ঞ চিকিত্সকরা ওয়ার্ডে এসে রোগী দেখছেন, এই তথ্য জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালে রোগীর চাপ বেশি থাকে। হাসপাতালের চিকিত্সকরাও হাসিমুখে এই চাপ সহ্য করে থাকেন। তারপরও সান্ধ্যকালীন পালায় বিশেষজ্ঞ চিকিত্সকরা যদি সেবা দিয়ে থাকেন তবে জনগণই উপকৃত হবে বেশি। দেশের সকল হাসপাতালে পর্যায়ক্রমে এই উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
 
এসময় তিনি সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য সুরঞ্জিত সেন গুপ্তের মৃত্যুতে গভীর শোক জানিয়ে বলেন, সুরঞ্জিত সেন গুপ্ত ছিলেন দেশের একজন অভিজ্ঞ, প্রজ্ঞাবান ও নিষ্ঠাবান রাজনীতিক। সাতবার জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে তিনি প্রমাণ করেছিলেন, তিনি ছিলেন জনমানুষের কল্যাণে নিবেদিত প্রাণ। 
 
ইত্তেফাক/এমআই