সিলেটের পথে সুরঞ্জিতের মরদেহ

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১১:৩৫
 
প্রবীণ রাজনীতিক ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ নিয়ে সিলেটের উদ্দেশে রওনা হয়েছেন পরিবারের সদস্যরা। 
 
আজ সোমবার সকাল সাড়ে আটটায় রাজধানীর ল্যাবএইডের হিমঘর থেকে একটি অ্যাম্বুলেন্সে করে মরদেহ নেয়া হয়েছে তেজগাঁও বিমানবন্দরে। সেখান থেকে সকাল ৯টায় একটি হেলিকপ্টারে করে মরদেহ সিলেটের উদ্দেশে নিয়ে যাওয়া হয়। 
 
ছেলে সৌমেন সেনগুপ্ত, খালাতো ভাই জয়ন্ত, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ সঙ্গে আছেন। এ ছাড়া কেন্দ্রীয় নেতাদের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল হক হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনও সিলেট যাচ্ছেন।
 
সিলেটে শ্রদ্ধা নিবেদন শেষে বেলা ১১টায় নিজ জেলা সুনামগঞ্জে নিয়ে যাওয়া হবে তার মরদেহ। দুপুর ১টায় নিজ নির্বাচনী এলাকা শাল্লা এবং বিকাল ৩টায় দিরাই উপজেলায় তার মরদেহ সাধারণ মানুষের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে বলে জানা গেছে।
 
দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। বৃহস্পতিবার অসুস্থবোধ করায় শুক্রবার সকালে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার ফুসফুসের সংক্রমণ হয়েছে বলে শনাক্ত হয়। শনিবার অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে স্থানান্তরিত করেন চিকিৎসকরা। রবিবার ভোর ৪টা ২৪ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। 
 
ইত্তেফাক/কেকে