আসছে ২২ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ‘বেঙ্গল সংস্কৃতি উৎসব ২০১৭’। যেখানে ঐতিহ্যবাহী ও আঞ্চলিক নাচ-গান, চা-পিঠা-মিষ্টি, চলচ্চিত্র-কারুশিল্প-সাহিত্য ও সমকালীন জীবন-সংস্কৃতি তুলে ধরা হবে।
সিলেটের আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে ১০ দিনব্যাপী এই উৎসবের আয়োজন করছে বেঙ্গল ফাউন্ডেশন। উৎসবে দেখানো হবে ১৪টি চলচ্চিত্র, সরাসরি গান করবেন ৩৮৩ জন শিল্পী, ২৭ জন শিল্পী উপস্থাপন করবেন তাঁদের শিল্পকর্ম, সাহিত্যসভায় যোগ দেবেন ৫০ জন সাহিত্যিক।
রবিবার ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে এই উৎসবের বিস্তারিত তুলে ধরেন আয়োজকেরা।
উপস্থিত ছিলেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান।
ইত্তেফাক/এমএআর
