এবার নিউইয়র্কে ‘গানের ফেরিওয়ালা’

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:১৮
 
জনপ্রিয় সঙ্গীতশিল্পী তানভীর শাহীনের নতুন গানের অ্যালবাম ‘গানের ফেরিওয়ালা’র মোড়ক উন্মোচন হলো নিউইয়র্কে। স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় নিউইয়র্কের এস্টোরিয়ার ক্লাব সনমে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তানভীর শাহীন নতুন অ্যালবামের সবগুলো গান পরিবেশন করে ভক্ত-শ্রোতাদের মন জয় করে নেন। 
 
নিজের মৌলিক গানের সঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরসহ প্রয়াত ৭ জন শিল্পীর জনপ্রিয় কিছু গান দিয়ে সাজানো ‘গানের ফেরিওয়ালা’ অ্যালবামটি ঢাকায় মোড়ক উন্মোচন হয় গত ১০ জানুয়ারি। নিউইয়র্কে মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজক তানভীর শাহীনের শুভাকাঙ্ক্ষী, ক্লাব সনম ও সনম টিভি’র সত্ত্বাধিকারী তৌফিক কাদের। অনুষ্ঠানে তিনি তানভীর শাহীনের হাতে তুলে নেন সম্মাননা স্মারক। 
 
নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনেরা মঞ্চে ‘গানের ফেরিওয়ালা’র মোড়ক উন্মোচন করেন। তারা হলেন সঙ্গীত পরিচালক নাদিম আহমেদ, বিশিষ্ট গীতিকার মাহফুজুর রহমান, নীরা কাদরী, লেখক ও সাংবাদিক হাসান ফেরদৌস, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি নার্গিস আহমেদ, অ্যাটর্নি মঈন চৌধুরী, সঙ্গীত শিল্পী জাকারিয়া জ্যাক, কামরুজ্জামান বকুল, শামীম সিদ্দিকী, সনম টিভির সত্ত্বাধিকারী তৌফিক কাদের, নেসার শুড্ডু, আবীর আলমগীর প্রমুখ। 
 
তানভীর শাহীন বলেন, ‘গানের ফেরিওয়ালা’ অ্যালবামের সকল অর্থ দিয়ে তিনি দুঃস্থ শিল্পীদের পাশে দাঁড়াতে চাই।
 
উল্লেখ্য, ‘গানের ফেরিওয়ালা’ অ্যালবামটির কম্পোজিশন করেছেন কলকাতার প্রখ্যাত সঙ্গীত পরিচালক দূর্বাদল চট্টোপাধ্যায়। এই অ্যালবামের টাইটেল ‘গানের ফেরিওয়ালা’ তানভীর শাহীনের মৌলিক গান। আর এই গানটি সুরকার ও গীতিকার মাহফুজুর রহমান।
 
ইত্তেফাক/এমএআর