রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) স্থাপনা নির্মাণ অনুমোদনের সময় কমিয়েছে। এখন কোনো স্থাপনা নির্মাণ অনুমোদনের ক্ষেত্রে রাজউক ৬০ দিন সময় নেবে। আগে এ ক্ষেত্রে সময় লাগত ২৬৭ দিন।
সোমবার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সঙ্গে তার অফিসকক্ষে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম সাক্ষাৎ করে রাজউকের সঙ্গে সেবা সহজীকরণের বিষয়ে আলোচনার ফলাফল তুলে ধরতে গিয়ে এ তথ্য জানান।
এ সময়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী বলেন, সরকার বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তুলে উন্নয়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে নানামুখী কর্মসূচি গ্রহণ করছে। একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে হলে বিনিয়োগ প্রক্রিয়া সহজীকরণ ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলার বিকল্প নেই।
বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জানান, রাজউকের সদর দফতরসহ আঞ্চলিক অফিসে একটি হেল্পডেস্ক খোলা হবে। একইভাবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষেও হেল্পডেক্স খোলা হবে। এ হেল্পডেক্স বিনিয়োগকারীদরে নির্ধারিত সময়ে স্থাপনা নির্মাণ অনুমোদনে সহায়তা করবে। একটি টাস্কফোর্স থাকবে যারা বাস্তবায়ন প্রক্রিয়া সহজীকরণ ও হেল্পডেক্সসহ সংস্কার কাজ পর্যবেক্ষণ করবে। এ বিষয়ে শীঘ্রই রাজউকের সঙ্গে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষর একটি চুক্তি স্বাক্ষর করবে।
এ সময়ে গৃহায়ণ ও গণপূর্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকার ও রাজউকের চেয়ারম্যান এম. বজলুল কবীর উপস্থিত ছিলেন। বাসস
ইত্তেফাক/এএসএমইউ/ইউবি
