পাবনার চাটমোহরে বজ্রপাতে এক স্কুলছাত্রসহ দুই নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর দুইজন। আজ শনিবার এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথর দক্ষিণপাড়া গ্রামের দরিদ্র ভ্যানচালক জেকের আলীর ছেলে ও বিলচলন ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র শান্ত হোসেন (১২) ও একই ইউনিয়নের দোদারিয়া গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী রিনা খাতুন (২৮)।
আহতরা হলেন- বোঁথর দক্ষিণপাড়া গ্রামের আলম হোসেনের ছেলে মুসা হোসেন (১৩) ও কোকিল প্রাং এর ছেলে কাবিল হোসেন (২০)। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। মূহুর্তে বজ্রপাতে আতঙ্কিত হয়ে পড়েন সবাই। এ সময় বোঁথর গ্রামের জেকের আলীর ছেলে শান্ত মাঠ থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বজ্রঘাতে আহত হন। হাসপাতালে আনার পর চিকিৎসা মৃত ঘোষণা করেন। এসময় অপর দুইজন আহত হন।
আরও পড়ুন: নোয়াখালীতে বাসচাপায় মা-মেয়ে ও কলেজছাত্রসহ নিহত ৪
অপরদিকে, দোদারিয়া গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী মাঠ থেকে ছাগল নিয়ে বাড়ি ফেরার সময় বজ্রপাতে আহত হন। অল্পক্ষণ পরেই তিনি মারা যান।
ইত্তেফাক/কেকে
