চাঁদপুরে হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় সায়রা খাতুন (৫৫) নামের এক মহিলার মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১টায় হাজীগঞ্জ উপজেলার এনায়েতপুর ডাটরা সড়কের মোহাম্মদপুর হরাজী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, একটি মালবাহী ট্রাক্টর এনায়েতপুর ডাটরা সড়কের মোহাম্মদপুর হরাজী বাড়ির সামনে দিয়ে এনায়েতপুরের দিকে আসছিল। এ সময় সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়া সায়রা খাতুন। তাকে ধাক্কা দেয় ট্রাক্টরটি। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে হাজীগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সায়েরা খাতুন উপজেলার মোহাম্মদপুর বেপারী বাড়ির মৃত আবদুল খালেকের স্ত্রী। তিনি একই এলাকার হরাজী বাড়িতে তার মেয়ের বাড়িতে যাওয়ার পথে এ দুর্ঘটনা শিকার হন।
দীর্ঘদিন থেকে ট্রাক্টরটি স্থানীয় কয়েকটি ব্রিক ফিল্ডের মালামাল বহন করে আসছিল।
ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, সায়রা খাতুনের মৃত্যু সংবাদ শুনেছি। ঘটনাস্থলে গিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করব।
ঘাতক ট্রাক্টরটি এলাকাবাসী আটক করেছে।
হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ আলম দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএন
