রাজধানীতে যেকোনো স্থাপনা নির্মাণে এখন থেকে মাত্র দুমাসে অনুমোদন মিলবে। আগে এ সময় ছিল ৮ থেকে ৯ মাস। সোমবার গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সঙ্গে তার অফিস কক্ষে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম সাক্ষাৎ করে রাজউকের সেবা সহজীকরণের বিষয়ে আলোচনা করেন।
এ সময়ে গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকার, রাজউকের চেয়ারম্যান এম. বজলুল কবীর উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সাংবাদিকদের জানান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) স্থাপনা নির্মাণ অনুমোদনের ক্ষেত্রে ৬০ দিন সময় নেবে। বর্তমানে এক্ষেত্রে ২৬৭ দিন সময় লাগে।
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী আরো বলেন, সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলে উন্নয়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে নানামুখী কর্মসূচি গ্রহণ করছে। একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে হলে বিনিয়োগ প্রক্রিয়া সহজীকরণ ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলার বিকল্প নেই। মন্ত্রী তার দপ্তরাধীন সংস্থাগুলোর জন্য বিনিয়োগ সহজীকরণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
ইত্তেফাক/এমআই
