খেয়া (সোহানা সাবা), একজন জনপ্রিয় আরজে, তিনি ’আমি হব সকাল বেলার পাখি’ নামে রেডিওর একটি জনপ্রিয় অনুষ্ঠানের হোস্ট। তার মা (শম্পা রেজা) একজন অত্যন্ত আদর্শবাদী শিক্ষিকা। খেয়ার সাফল্য, তাঁর প্রতি বসের (ঝুনা চৌধুরী) অতিরিক্ত আদরযত্নে ঈর্ষান্বিত তার সহকর্মীরা।
খেয়ার সব কাজে তাদের গোয়েন্দাগিরি, কাজ পাওয়ার জন্য বসের সাথে অন্য জকিদের ছল-চাতুরী ও তাদের অভ্যন্তরীণ প্রতিযোগিতা ধরে নাটকটির কাহিনী এগিয়েছে।
এই কাহিনী নিয়ে নির্মিত প্রতিদিনের ধারাবাহিক ‘রেডিও জকি এবং কতিপয় গল্প’ এটিএন বাংলায় আজ থেকে শুরু হচ্ছে। মুরাদ পারভেজের কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত, এক্সিস হেলথ কেয়ার প্রযোজিত এবং ফিল্ম হকার নিবেদিত ধারাবাহিকটি বাংলাদেশের প্রথম রেডিওভিত্তিক নাটক।
এতে অভিনয় করেছেন শম্পা, ঝুনা চৌধুরী, চিত্রলেখা গুহ, খালেকুজ্জামান, সোহানা সাবা, ইরফান সাজ্জাদ, সুমনা সোমা, মৌসুমী নাগ, আহসান হাবিব নাসিম, রুকসানা আলী হেরা, ইউসুফ রাসেল, তাজদিক নমিরা, সুস্মি আহসান, প্রিয়া আমান, আরমান শায়ের, আসাদুল ইসলাম, সনিয়া সুবর্না, টুইংকেল অরিন।
‘রেডিও জকি এবং কতিপয় গল্প’ প্রচার হবে আজ থেকে প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে।
ইত্তেফাক/এমএআর
