হাইকোর্টের আদেশে বাগমারায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই স্থগিত

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৭, ১২:২৯
 
রাজশাহীর বাগমারা উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির কার্যক্রম তিনমাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।
 
দায়ের করা এক রিট আবেদনের শুনানি শেষে গত সোমবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ স্থগিতাদেশ দেন। স্থগিতাদেশের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তার জানান, আমরা মহামান্য হাইকোর্টের আদেশের কপি পেয়েছি এবং সেই মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
 
জানা গেছে, উপজেলা যাচাই-বাছাই কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে জামুকার ডাইরেক্টর জেনারেলসহ ৭ জনকে বিবাদী করে আদালতে কমিটির কার্যক্রম স্থগিত চেয়ে ৫ ফেব্রুয়ারি হাইকোর্টে রিট আবেদন করেন বাগমারা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাহার আলী।
 
এর আগে গত ৪ ফেব্রুয়ারি বাগমারা উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের জন্য ৭ সদস্যের কমিটি গঠন করা হয়। এ কমিটিতে জেলা কমান্ডার ফরহাদ আলী, উপজেলা কমান্ডার সাহার আলী, জামুকা প্রতিনিধি আব্দুল গাফ্ফারের নাম থাকলেও পরে তাদের বাদ দিয়ে আলী খাজা এম এ মজিদ, মতিউর রহমান টুকু ও খয়বর আলীর নাম সংযুক্ত করে যাচাই-বাছাইয়ের জন্য উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পাঠানো হয়। ওই দিন কয়েকশ মুক্তিযোদ্ধা নিজ নিজ তথ্য প্রদানের জন্য উপজেলা চত্বরে সমবেত হন। প্রজ্ঞাপন না মেনে জেলা কমান্ডার, উপজেলা কমান্ডার ও জামুকা প্রতিনিধিকে বাদ দিয়ে অবৈধ ভাবে কমিটি গঠন করার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন উপজেলা কমান্ডার সাহার আলী। আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আব্দুস সামাদ। শুনানি শেষে হাইকোর্ট তিন মাসের জন্য স্থগিতাদেশ দেন।
 
ইত্তেফাক/এসএস