ময়মনসিংহে মোটরসাইকেল চালককে হত্যার দায়ে আসামি সারোয়ার কামাল লিটনের ফাঁসি বহাল রেখেছে হাইকোর্ট। একই সঙ্গে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আরেক আসামি জাহাঙ্গীর আলম মুনজুর সাজাও বহাল রাখা হয়েছে। ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও সহিদুল করিমের ডিভিশন বেঞ্চ আজ মঙ্গলবার এ রায় দেন।
২০১০ সালের ২৩ মার্চ রাতে ময়মনসিংহের ফুলপুর পৌর সভার আমুয়াকান্দা নামক স্থানে যাত্রী বেশে আসামি লিটন ও মুনজুর মোটরসাইকেল চালক আরিফ রব্বানী ফারাজিকে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই সিদ্দিকুর রহমান ফরাজি ফুলপুর থানায় ২ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় ২০১২ সালের ২৩ জানুয়ারি ময়মনসিংহ জেলা ও দায়রা জজ লিটনকে ফাঁসি ও মনজুরকে যাবজ্জীবন সাজা দেয়।
এই রায়ের বিরুদ্ধে আপিল করে আসামিরা। পাশাপাশি ডেথ রেফারেন্স আকারে হাইকোর্টে আসে। আসামিদের পক্ষে অ্যাডভোকেট এফএম শাহজাহান ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোরশেদ শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট আসামিদের আপিল খারিজ করে নিম্ন আদালতের সাজার রায় বহাল রাখে।
ইত্তেফাক/আরএ
