কুমিল্লার হোমনায় বখাটে ও মাদকাসক্ত ছেলেকে আদালতের মাধ্যমে জেলে পাঠিয়েছেন এক মা। ছেলের নাম মো. আল আমিন (২৫)। তার মা ছেনোয়ারা বেগম।
আজ মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ মাসের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠিয়েছে। আল আমিন উপজেলার আছাদপুর ইউনিয়নের দড়িকান্দি গ্রামের ইরন মিয়ার ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, আলআামিন একজন মাদকাসক্ত। সে দীর্ঘদিন যাবত বেপরোয়া জীবনযাপন করছে। নেশাসহ বিভিন্ন অপকর্মের টাকার জন্য তার মাসহ পরিবারের অন্য সদস্যদের মারধর করত। পরিবারের সদস্যদের নানা কৌশলে জিম্মি করে তাদেরকে ভয়-ভীতি প্রদর্শন করত। টাকা না দিতে পারলে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিত। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে আজ মঙ্গলবার এ ব্যাপারে প্রতিকার চেয়ে হোমনা থানায় একটি লিখিত অভিযোগ করলে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম তাকে উল্লেখিত সাজা দেন।
আল আমিনের মা ছেনোয়ারা বেগম জানান, তার বাবা ইরন মিয়া দীর্ঘদিন ধরে তাদের দুই ভাইসহ আমাকে ছেড়ে চলে যায়। আমি অনেক কষ্ট করে কোন রকম তাদেরকে বড় করেছি। এখন আলআমিনও নেশায় জড়িয়ে টাকার জন্য আমার ও তার ভাইয়ের ওপর নানা অত্যাচার শুরু করেছে। কোনো উপায়ন্তর না দেখে থানায় অভিযোগ দেই।
ইত্তেফাক/এমআই
