রাজধানীর কল্যাণপুরের বেঙ্গল স্টুডিওতে গত ৬ ফেব্রুয়ারি মিউজিশিয়ান নমনের আপকামিং ‘জীবনের স্রোত’ একক অ্যালবামের ‘ফিরে চাও’ গানের ভিডিও’র শুটিং হয়। শুটিংয়ের মাঝেই ‘ফিরে চাও’ গানের গীতিকার রেজাউর রহমান রিজভীর প্রথম কবিতাগ্রন্থ ‘ভালোবাসার অবাক চোখ’র মোড়ক উন্মোচন করা হয়।
মোড়ক উন্মোচন করেন শিল্পী নমন, সাবিব সাজিন, ফাহান লাবিব আহমেদ, সুসান, নাফিস রায়ান, রেজাউর রহমান রিজভী প্রমুখ।
বইয়ের ব্যতিক্রমধর্মী মোড়ক উন্মোচন প্রসঙ্গে রিজভী বলেন, ‘আমি গানেরই মানুষ। তাই আমার লেখা গানের ভিডিও’র শুটিংয়ে আমার নিজের প্রথম কবিতাগ্রন্থের মোড়ক উন্মোচনের ব্যাপারটি নিঃসন্দেহে প্রাসঙ্গিক ও দারুণ।’
উল্লেখ্য, রেজাউর রহমান রিজভীর লেখা ‘ফিরে চাও’ গানটিতে সুর-সংগীতের পাশাপাশি কণ্ঠ দিয়েছেন নমন। অগ্নিবীণা (জি সিরিজ) এর ব্যানারে ভালোবাসা দিবসে অ্যালবাম ও মিউজিক ভিডিও রিলিজ হবে।
এবারের একুশে বইমেলায় রেজাউর রহমান রিজভীর প্রথম কবিতাগ্রন্থ ‘ভালোবাসার অবাক চোখ’ প্রকাশিত হয়েছে। দোয়েল প্রকাশনীর ৩২৮ নং স্টলে ৭ ফেব্রুয়ারি থেকে বইটি পাওয়া যাচ্ছে।
ইত্তেফাক/এমএআর
