ঠাকুরগাঁওয়ে রাস্তা পাঁকাকরণ কাজে অনিয়ম

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৫৭
ঠাকুরগাঁও সড়ক ও জনপদ বিভাগের রাস্তা পাঁকাকরণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। কাজের মান খারাপ হওয়ায় ঠিকাদারের প্রতি ক্ষোভ প্রকাশ করেছে অনেকে।
 
সড়ক বিভাগ সূত্রে জানা যায়, জেলা শহরের প্রাণকেন্দ্র শহরের চৌরাস্তা এলাকায় ৪শ মিটার দৈর্ঘ্যের রাস্তা পাকাকরণ কাজ সড়ক বিভাগের আওতায় বাস্তবায়ন করছে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ৪শ মিটার রাস্তার মধ্যে ১শ মিটার কার্পেটিং হবে। এর থিকনেস হবে ৫০ মিঃ মিঃ। আর ৪শ মিটারই হবে ১২ মিঃ মিঃ এর সিলকোট।
 
কিন্তু সংশ্লিষ্ট ঠিকাদার জানান, সিলকোট হচ্ছে ৭ মিঃ মিঃ। স্থানীয়দের অভিযোগ রাস্তা পাকাকরণে সড়ক বিভাগ ও ঠিকাদের কথা দুই রকম। ১২ মিঃ মিঃ সিলকোট হওয়ার কথা থাকলেও ৫ মিঃ কমিয়ে ৭ মিঃ মিঃ সিলকোট করে রাস্তা পাকা করা হচ্ছে। এতে কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয়রা। সেইসঙ্গে পুনরায় কাজ বাস্তবায়নের দাবি তাদের।
 
সড়ক বিভাগের পক্ষ থেকে ওই কাজ দেখার দায়িত্বে ওয়ার্ক এসিস্ট্যান্ট গিয়াস উদ্দিন জানান, আমি যখন থাকি তখন কাজ ঠিক মতই হয়েছে। তবে বাইরে থাকা অবস্থায় কাজ খারাপ হলে সে বিষয়ে আমি কিছু বলতে পারবো না।
 
এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদার রজব আলী জানান, ৭ মিঃ মিঃ সিলকোট করা হচ্ছে। তবে কাজের মান খারাপ হওয়ার অভিযোগ করার কথা জানতে চাইলে তিনি বলেন, যারা কাজ করছে তাদের আমি বলে দিচ্ছি কাজ যেনো ভালো হয়।
 
ঠাকুরগাঁও সড়ক বিভাগের উপনির্বাহী প্রকৌশলী আজিজুল ইসলাম জানান, কাজ খারাপ হওয়ার কথা নয়। তবে সম্পূর্ণ কাজের বিষয়ে সড়ক বিভাগের কর্মকর্তা মোতাহার হোসেনের সঙ্গে যোগাযোগ করুন।
 
মোতাহার হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, দরপত্রে উল্লেখ রয়েছে, ১২ মিঃ মিঃ এ কার্পেটিং হবে। ঠিকাদার কেনো ৭ মিঃ মিঃ কথা বলেছেন তিনিই ভালো বলতে পারবেন।
 
ইত্তেফাক/এএন