কুষ্টিয়ায় ভ্যানচালক হত্যা : ৬ জনের ফাঁসির আদেশ

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:০১
কুষ্টিয়ায় আবু বক্কর সিদ্দিক হত্যা মামলার রায়ে ছয় আসামিকে ফাঁসির আদেশ দেয়া হয়েছে। মঙ্গলবার দুুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক রেজা মো. আলমগীর হাসান এ আদেশ দেন। 
 
আদালত সূত্র জানায়, ২০১২ সালের ১০ জুন রাতে কুষ্টিয়া সদর উপজেলার অর্ন্তগত জোতপাড়া গ্রামের রিকশাভ্যান চালক আবু বক্কর সিদ্দিক (৩৩) নিজ বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন। নিখোঁজের একদিন পর উপজেলার কাঞ্চনখালি মাঠ থেকে ওই ব্যক্তির গলা ও পেট কর্তনসহ ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। এঘটনায় নিহতের ভাই নুর হক মন্ডল বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে তদন্তকারী পুলিশ কর্মকর্তা ২০১২ সালের ৬ নভেম্বর সাত আসামি যথাক্রমে সাজাদ, মাজেদ, জামিরুল, শুকচাঁদ, রাশিদুল, কালাই ওরফে জলিল মন্ডল ও মনছের আলীর বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। আদালতে সাক্ষ্য-প্রমাণ ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক সাত আসামির মধ্যে ছয়জনের প্রত্যেককে ফাঁসি ও পাঁচ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেন। 
 
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার জোতপাড়া গ্রামের সাজাদ (৩৬) ও রাতুলপাড়া গ্রামের মাজেদ (৩৯), শুকচাঁদ (৩৪), রাশিদুল (২৮), কালাই ওরফে জলিল মন্ডল (৪৯) এবং মনছের আলী (৫৪)। 
 
রায় ঘোষণার সময় আদালতের কাঠগড়ায় পাঁচজন আসামি উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত আসামি রাশিদুল দীর্ঘদিন পলাতক রয়েছে এবং চার্জশীটভুক্ত অপর আসামি জামিরুল মামলা চলাকালীন মৃত্যুবরণ করায় বিচারিক আদালত তাকে দণ্ড থেকে অব্যাহতি দেয়।
 
কুষ্টিয়া জজ কোর্টের পাবলিক প্রোসিকিউটর (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী সন্তোষ প্রকাশ করে জানান, ১৬৪ ধারায় তিনজন আসামির জবানবন্দী রেকর্ড ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হওয়ায় বিচারক ফাঁসির রায় ঘোষণা করেন। 
 
ইত্তেফাক/এমআই