জানুয়ারিতে মূল্যস্ফীতি সামান্য বেড়েছে

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৭, ২০:১৫
জানুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। জানুয়ারি শেষে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে পাঁচ দশমিক ১৫ শতাংশ। আগের মাসে ছিল পাঁচ দশমিক শূন্য তিন শতাংশ।
 
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলানগর এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল এ তথ্য প্রকাশ করেন। এ সময় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘জানুয়ারি মাসে মোটা চালের দাম বেড়ে যাওয়ায় এবং স্কুলে বাচ্চাদের ভর্তির বিষয়টি থাকায় এ সময় ব্যয় অনেক বেড়ে যায়। যে কারণে মূল্যস্ফীতিতে প্রভাব পড়ে। সাধারণত জানুয়ারি ও জুন মাসে আমাদের দেশে মূল্য স্ফীতি বেড়ে যায়। এটা স্বাভাবিক ব্যাপার।’
 
বিবিএস-এর দেয়া তথ্য অনুযায়ী, জানুয়ারি মাসে গ্রামে সার্বিক মূল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে বেড়ে দাঁড়িয়েছে চার দশমিক ৯২ শতাংশ। আগের মাসে ছিল চার দশমিক ৪৬ শতাংশ। খাদ্যপণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ছয় দশমিক ২৮ শতাংশ। আগের মাসে ছিল চার দশমিক ৭৮ শতাংশ। খাদ্য বহির্ভুত পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে দুই দশমিক ৫২ শতাংশ। আগের মাসে ছিল তিন দশমিক ৮৮ শতাংশ। বাসস
 
ইত্তেফাক/এএসএমইউ