রংপুরে পীরগাছায় ইট ভাটায় মাটি চাপা পড়ে আজিজ মিয়া (৫২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ফুল মিয়া (৩০) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়। মঙ্গলবার ভোর সাড়ে ৬টায় পীরগাছার কল্যাণী ইউনিয়নের নাগদা এলাকায় আইএমএফ ইট ভাটায় এ ঘটনা ঘটে। জানা গেছে, নিহত আজিজ মিয়া কাউনিয়া থানার কুর্শা ইউনিয়নের মৃত. এসআর উদ্দিন এবং আহত শ্রমিক ফুল মিয়া একই গ্রামের মো. সোলেমানের পুত্র।
ইট ভাটা শ্রমিক সূত্রে জানা গেছে, আজিজ মিয়া ও ফুল মিয়া মাটির স্তুপের ভিতরে মাটি কেটে একটি বড় গর্ত তৈরি করে। মাটির স্তুপটি বেশি শক্ত না হওয়ায় স্তুপে গর্ত করায় তা ধসে যায় এবং তাদের শরীরের উপর পড়ে। তাদের গোটা শরীর মাটিতে ঢেকে যায়। সেখানে কর্মরত বাকি শ্রমিকরা তাদেরকে দ্রুত মাটি সরিয়ে উদ্ধার করে। কিন্তু ঘটনাস্থলেই আজিজ মিয়া মারা যান এবং ফুল মিয়া গুরুতর হন।
এ ব্যাপারে ইট ভাটার ম্যানেজার মো. মোসলেম উদ্দিন জানান, নিহত আজিজ মিয়া দীর্ঘদিন ধরেই ইট ভাটায় মাটি সরানোর কাজ করে আসছিল। আজ ভোর সাড়ে ৬টায় ইট তৈরির জন্য মাটির স্তুপের নিচে মাটি সরানোর কাজ করছিল ১২ জন শ্রমিক। এদের মধ্যে নিহত আজিজ মিয়া ও ফুল মিয়া একদিকে মাটি সারানোর কাজ করছিল। এর এক পর্যায়ে সেখানে মাটির স্তুপে ফাটল ধরে তাদের উপরে ধসে পড়লে ঘটনাস্থলেই আজিজ মিয়া মারা যায় এবং ফুল মিয়া গুরুতর আহত হয়। পরে ভাটার শ্রমিকরা তাদেরকে রংপুর মেডিক্যাল কলেজে নিয়ে যায়। রংপুর মেডিক্যাল কলেজে আহত ফুল মিয়া চিকিৎসাধীন এবং নিহত আজিজ মিয়ার লাশ মর্গে রাখা হয়েছে।
ইত্তেফাক/এমআই
