চলতি বছর আগস্টে লন্ডনে অনুষ্ঠিতব্য বিশ্ব এ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারছে না রাশিয়া। তাদের বিরুদ্ধে আনীত ডোপিং নিষেধাজ্ঞা আরো বাড়ানোর কারণে তারা লন্ডনে অংশ নিতে পারছে না বলে নিশ্চিত করেছেন বিশ্ব এ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি সেবাস্টিয়েন কো।
বিশ্ব এ্যাথলেটিক্সের প্রধান জানিয়েছেন মোনাকোতে অনুষ্ঠিত আইএএএফ’র কাউন্সিলে রাশিয়ার ১৫ মাসের নিষেধাজ্ঞাকে আরো কিছুদিন দীর্ঘায়িত করা হয়েছে। যে কারনে নভেম্বরের আগে রাশিয়ার আর আন্তর্জাতিক অঙ্গনে ফেরা হচ্ছে না। টাস্কফোর্সের সুপারিশে রাশিয়া এই মুহূর্তে নিজেদের আন্তর্জাতিক অঙ্গনে ফিরিয়ে আনতে প্রস্তুত নয় বলে জানানো হয়েছে।
২০১৫ সালের নভেম্বর থেকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের ব্যপারে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ইতোমধ্যেই প্রথমে মার্চ ও পরে ২০১৬ সালের জুন পর্যন্ত নিষেধাজ্ঞা বাড়ানো হয়। যে কারণে রাশিয়ান এ্যাথলেটরা রিও অলিম্পিকে অংশ নিতে পারেনি।
আন্তর্জাতিক এ্যাথলেটিক্সে রাশিয়ার ফিরে আসার ব্যপারে একটি রোডম্যাপ তৈরী করে দেবার জন্য আইএএএফ থেকে একটি টাস্কফোর্স গঠন করে দেয়া হয়। সম্প্রতী মস্কোতে রাশিয়ান এ্যাথলেটিক্স ফেডারেশন, নতুন রাশিয়ান ক্রীড়ামন্ত্রী পাভেল কোলোবকভ ও টাস্কফোর্স নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সেখানেই টাস্কফোর্স কিছু ইতিবাচক বিষয়ের পাশাপাশি উন্নতির ক্ষেত্রে কিছু নেতিবাচক বিষয়ও তুলে ধরে।
ইতোমধ্যেই ৩৫জন রাশিয়ান এ্যাথলেট আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিরপেক্ষ এ্যাথলেট হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আপিল করেছে। গত সপ্তাহে রাশিয়ান এ্যাথলেটিক্স ফেডারেশন আপিল করা ৩১জন এ্যাথলেটের তালিকা প্রকাশ করেছে যাদের মধ্যে বিশ্ব ও অলিম্পিক চ্যাম্পিয়নরা রয়েছেন।
ইত্তেফাক/এমএইচ
