নারায়ণগঞ্জে ছাত্রদল নেতা হত্যা মামলা : টিপুর মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৭, ২১:৫৩
ছাত্রদল নেতাকে হত্যার দায়ে আসামি মো. টিপুর মৃত্যুদণ্ড হ্রাস করে যাবজ্জীবন দণ্ড দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে আসামি মো. জুয়েল ও শাহীনকে হাইকোর্টের দেয়া যাবজ্জীবন সাজাও বহাল রেখেছে আদালত।
 
মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এই রায় দেন। 
 
মামলার বিবরণীতে জানা যায়, ২০০৫ সালের ৮ নভেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা ছাত্রদলের সহ-সভাপতি ও ঠিকাদার ব্যবসায়ী মো. শফিকুল ইসলামকে (২৬) হত্যা করে সন্ত্রাসীরা। সংগঠনের ভুলতা কার্যালয়ে ঘরোয়া বৈঠক শেষে রাত সাড়ে ৯ টায় বাড়ির উদ্দেশে রওনা হওয়ার পূর্ব মুহূর্তে গাড়ির সামনে আসা মাত্র মাথায় গুলি করে তাকে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন রূপগঞ্জ থানায় ১৪ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন নিহতের পিতা মো. মফিজউদ্দিন ভূইয়া। এই হত্যা মামলায় নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ ২০০৬ সালের ২২ অক্টোবর আসামি টিপুসহ ছয় জনকে মৃত্যুদণ্ড এবং ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। নিম্ন আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিল করেন আসামিরা।
 
২০১২ সালের ১৯ এপ্রিল হাইকোর্ট টিপুসহ দু’জনের মৃত্যুদণ্ড এবং ৯ জনের যাবজ্জীবন সাজা বহাল রাখে। এছাড়া চার জনকে মৃত্যুদ-ের পরিবর্তে যাবজ্জীবন সাজা দেয় হাইকোর্ট। 
 
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেন আসামি টিপু, জুয়েল ও শাহীন। আসামি পক্ষে আইনজীবী মনসুরুল হক চৌধুরী এবং রাষ্ট্রপক্ষে সহকারি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ শুনানি করেন। শুনানি শেষে আপিল বিভাগ উপরোক্ত আদেশ দেয়। 
 
ইত্তেফাক/এমএইচ