আত্মহত্যা করেছেন আলোচিত আইটেম গার্ল জ্যাকুলিন মিথিলা। গত ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামের বাড়িতে ঐদিন মধ্যরাতে আত্মহত্যা করেন বলে জানা গেছে। এ ঘটনায় তার বাবা স্বপন শীল থানায় মামলা করেছেন। যদিও শুরুতে তার আত্মহত্যার বিষয়টি গণমাধ্যমে আসেনি।
মিথিলার বাবা স্বপন শীল ইত্তেফাক অনলাইনকে বলেন, স্বামীর সঙ্গে ঝগড়া, ওদের পরিবারের খারাপ ব্যবহারের কারণে আমার মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। আমার একমাত্র মেয়েটা মারা গেল, আমি এর বিচার চাই।
চট্টগ্রাম বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মইনুল ইসলাম বলেন, জয়া শীল(জ্যাকুলিন মিথিলা) নামে এক তরুণী ৩ ফেব্রুয়ারি আত্মহত্যা করেছিলেন। এ ঘটনায় তার বাবা স্বপন শীল বাদী হয়ে আটজনের বিরুদ্ধে একটি মামলা করেছেন। মামলা তদন্ত চলছে। তিনি বিবাহিত ছিলেন। তার স্বামীর নাম উৎপল রায়।
IMG0
সর্বশেষ পিএ কাজল পরিচালিত ‘চোখের দেখা’ ছবির আইটেম গানে নাচতে দেখা যায় তাকে। উল্লেখ্য, জ্যাকুলিন মিথিলা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের খোলামেলা ছবিতে বেশি পরিচিত ছিলেন। বিভিন্ন সময় তার এসব ছবি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। বেশ কয়েকটি ফেসবুক পেজ এবং আইডিতে অসংখ্য ব্যক্তিগত ছবি শেয়ার করেন।
ফেসবুক লাইভেও বরাবরই সাহসী চরিত্র এবং খোলামেলা পোজে হাজির হন জ্যাকুলিন মিথিলা।
ইত্তেফাক/এমএআর
