বয়স পঞ্চাশ পার করে দিলেও চাচা ডাক শুনতে নারাজ সালমান খান। সম্প্রতি ‘জড়ুয়া’ ছবির দ্বিতীয় কিস্তির ট্রায়াল শোতে তাকে ‘সালমান আঙ্কেল’ ডাকেন বলিউডের তরুণ অভিনেতা বরুণ ধাওয়ান। আর তাতেই ক্ষেপে যান সালমান।
বরুণ ভারতীয় মিডিয়ায় বলেন, ১৯৯৭ সালের ব্লকবাস্টার ছবি ‘জড়ুয়া’য় নায়ক ছিলেন সালমান খান, তখন আমার বয়স ছিল মাত্র সাত। এজন্য সম্প্রতি এ ছবির দ্বিতীয় কিস্তির ট্রায়াল শোতে তাকে আমি ‘সালমান আঙ্কেল’ সম্বোধন করি। এতে রাগ করেন বলিউড সুলতান। তিনি আমাকে এও বলে শাসিয়ে দেন-‘আমাকে যদি আঙ্কেল ডাকো তাহলে থাপ্পড় দেবো। আমাকে ‘সালমান ভাই’ বলবে। তোমাকে থিয়েটারের ভেতরেই ঢুকতে দেবো না যদি এভাবে ডাকো। আমি এটা দেখবো না যে, তুমি ডেভিড ধাওয়ানের ছেলে!’
বরুণ ধাওয়ান ‘জড়ুয়া টু’ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান। তার বাবা ডেভিড ধাওয়ান পরিচালিত সিনেমাটির শুটিং শুরুর আগে সালমান খানের সঙ্গে তিনি কথা বলেন।
বরুণ আরো জানিয়েছেন, বলিউডের সুলতানকে নারাজ করতে চান না। আমরা অনেক ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলেছি। তার আশীর্বাদ সবসময় রয়েছে। আমি তাকে, প্রযোজক সাজিদ, পরিচালক ও দর্শকদের কষ্ট দিতে চাই না।
জানা গেছে, সালমান খান নাকি বরুণের জন্য এক বাক্স জিনস প্যান্ট পাঠিয়েছেন যাতে ‘জড়ুয়া টু’র রাজা চরিত্রে অভিনয়ের সময় পরতে পারেন। হিন্দুস্তান টাইমস।
ইত্তেফাক/এমএআর
