প্রথমবারের মতো রণবীর-আলিয়া একসঙ্গে

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:২২
 
জনপ্রিয় অভিনয়শিল্পী রণবীর সিং ও আলিয়া ভাট এবার বড় পর্দায় জুটি বাঁধছেন। ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানির ‘এক্সেল এন্টারটেইনমেন্টের ব্যানাের জয়া আখতারের পরিচালনায় ‌‘গুল্লি বয়’ সিনেমায় এক সঙ্গে অভিনয় করবেন তারা।
 
সিনেমাটিতে প্রথমবারের মতো জুটি বাঁধবেন রণবীর-আলিয়া। বুধবার দুপুরে ভারতীয় গণমাধ্যম বলিউড লাইফে প্রকাশিত প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। উল্লেখ্য, এই জুটিকে এর আগে বিজ্ঞাপনে একসঙ্গে দেখা গেছে। 
 
মুম্বাইয়ের দুই র‌্যাপার ডিভাইন ও নেইজিকে নিয়ে তৈরি হয়েছে গুল্লি বয় সিনেমার গল্প। ডিভাইন ও নেইজি দুজনই মুম্বাইয়ের প্রসিদ্ধ র‌্যাপ গায়ক। তাদের বেশির ভাগ গানই এই শহরকে ঘিরে। ডিভাইনের গাওয়া প্রথম জনপ্রিয় গান ‘ইয়ে মেরা বোম্বে’। তার পর তিনি গেয়েছেন ‘মেরি গোলি ম্যায়’, এ থেকেই সিনেমাটির নামকরণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
 
অন্যদিকে র‌্যাপার নেইজির প্রথম গান ছিল ‘আফাত’। রণবীর দুই র‌্যাপারের একজনের ভূমিকায় অভিনয় করবেন। আগামী নভেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হবে।
 
শোনা গিয়েছিল, সিনেমাটি রণবীরের বিপরীতে অভিনয় করবেন অভিনেতা সাইফ আলী খানের মেয়ে সারা খান। এমনকি রণবীর সিংয়ের জায়গায় বরুন ধাওয়ানের নামও শোনা যায়। কিন্তু শেষ পর্যন্ত রণবীর-আলিয়াকেই বেছে নিয়েছেন নির্মাতারা।
 
ইত্তেফাক/এমএআর