‘সন্ত্রাস ও জঙ্গিবাদকে ‘না’ বলি, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে ২৬ ফেব্রুয়ারি শুরু হচ্ছে তিন মাসব্যাপী সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী গণস্বাক্ষর অভিযান। বুধবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান আমরা মুক্তিযোদ্ধার সন্তান নাটোর জেলা শাখার হেড অব অপারেশন এম এ সামাদ।
সাংবাদিক সম্মেলনে সামাদ জানান, এই গণস্বাক্ষর অভিযান চলবে তিন মাস। আগামী ২৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর স্বাক্ষরের মধ্য দিয়ে গণস্বাক্ষর কর্মসূচি শুরু হবে।
তিনি বলেন, আমাদের গণস্বাক্ষর কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে দেশের চলমান সন্ত্রাস, জঙ্গিবাদ ও মৌলবাদ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনগণের মধ্যে ব্যাপক গণসচেতনতা সৃষ্টি করা। এর মাধ্যমে দেশের সন্ত্রাস-জঙ্গিবাদে জনমত সৃষ্টি হবে।
তিনি আরো বলেন, জনাকীর্ণ স্থানে ক্যাম্প স্থাপন করে স্বাক্ষর সংগ্রহ করা হবে। অনলাইন, মোবাইলে এসএমএস, মাইক্রোবাস ব্যান্ডির মাধ্যমে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে স্বাক্ষর সংগ্রহ করা হবে। এছাড়া সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বাসস্থান এবং ভ্রাম্যমাণ পথচারী ও জনগণের মধ্যে স্বাক্ষর সংগ্রহ করা হবে।
সংগঠনের সহ-সভাপতি সুলতানা পান্নার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব মহিলা লীগের নেত্রী কোহেলী কুদ্দুস মুক্তি, সংগঠনের সাধারণ সম্পাদক রাজিব হাসান (শাপলা), দফতর সম্পাদক স্বপন হোসেন প্রমুখ।
ইত্তেফাক/কাউছার
