শিশু জিহাদের মৃত্যু : ২৬ ফেব্রুয়ারি রায়

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৭, ২১:০৭
রাজধানীর শাহজাহানপুরের রেলওয়ে মাঠসংলগ্ন অরক্ষিত পানির পাম্পের পাইপে পড়ে তিন বছরের শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলায় আগামী ২৬ ফেব্রুয়ারি রায়ের দিন ধার্য করা হয়েছে। 
 
ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতে বুধবার মামলার আসামিদের পক্ষে যুক্তিতর্ক শুনানি শেষ হয়। পরে সংশ্লিস্ট বিচারক ড. মো. আকতারুজ্জামান রায় ঘোষণার জন্য ওই দিন ধার্য করেন। 
 
আদালত সূত্রে জানা গেছে, মামলার সব আসামি জামিনে আছেন। বুধবার তারা হাজির ছিলেন। এরা হলেন, রেলওয়ের জ্যেষ্ঠ উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) দীপক কুমার ভৌমিক, সহকারী প্রকৌশলী-২ মো. সাইফুল ইসলাম, কমলাপুর রেলওয়ের সহকারী প্রকৌশলী মো. নাসির উদ্দিন ও ইলেকট্রিক্যাট্রিক্যাল ইঞ্জিনিয়ার জাফর আহমেদ শাকি ও ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এসআর হাউজের মালিক মো. শফিকুল ইসলাম ওরফে আবদুস সালাম।
 
মামলার সাক্ষ্য গ্রহণ চলাকালে চার্জশিটভুক্ত ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। এছাড়া ৩ জন সাফাই সাক্ষী দিয়েছেন। 
 
২০১৪ সালের ২৬ ডিসেম্বর বিকেল সাড়ে তিনটার দিকে রাজধানীর শাজাহানপুরে বাসার কাছে মাঠে খেলতে গিয়ে রেলওয়ে মাঠের পাম্পের পাইপে পড়ে যায় জিহাদ। প্রায় ২৩ ঘণ্টা পর ২৭ ডিসেম্বর বিকেল তিনটার দিকে জিহাদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
ইত্তেফাক/উজ্জল