সবার জন্য বিদ্যুৎ নিশ্চিতে ২০২১ সালের মধ্যে উৎপাদন ক্ষমতা ২৪ হাজার মেগাওয়াটে উন্নীত করার কার্যক্রম চলছে। চলতি বছরেই জাতীয় গ্রিডে ১ হাজার ৮৪০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ করা হবে।
বুধবার জাতীয় সংসদে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এ কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সরকারি দলের সদস্য বেগম ফজিলাতুন নেসা বাপ্পির এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘২০০১ সালে ক্ষমতা হস্তান্তরের সময় বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ছিল ৪ হাজার ৩শ’ মেগাওয়াট। অথচ ২০০৯ সালে আবার যখন ক্ষমতা গ্রহণ করি তখন পেয়েছিলাম মাত্র ৩ হাজার ২০০ মেগাওয়াট। অর্থাৎ বিএনপি-জামায়াতের দুঃশাসনে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১১শ’ মেগাওয়াট কমে গিয়েছিল।’
প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াতের দুঃসহ দিনগুলোতে মানুষকে ১০ থেকে ১২ ঘণ্টা লোডশেডিংয়ের যন্ত্রনা ভোগ করতে হতো। বিদ্যুতের জন্য আন্দোলন করতে গিয়ে কানসাটে মানুষকে প্রাণ দিতে হয়েছে।’
শেখ হাসিনা বলেন, ‘সরকার মাত্র ৫ বছরে বিদ্যুৎ উৎপাদন তিনগুণ বৃদ্ধি করে ২০১৩ সালে ১ হাজার মেগাওয়াটে উন্নীত করে। দ্বিতীয় মেয়াদে মাত্র ৩ বছরে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১৫ হাজার ৩৫১ মেগাওয়াটে উন্নীত করেছে।’
সরকারি দলের আরেক সদস্য মামুনুর রশিদ কিরণের অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘একমাত্র আওয়ামী লীগই পারবে, জাতির জনকের স্বপ্নের সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলতে।’
এছাড়া, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে সুখী এবং উন্নত জনপদে পরিণত করার ব্যাপারেও দৃঢ় সংকল্পবদ্ধ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
ইত্তেফাক/সেতু/উজ্জল
