সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক ও ইউটিউবে প্রকাশিত ভালবাসা দিবসের একটি নাটকের ট্রেলার বেশ নজর কেড়েছে। সেখানে অভিনেতা ফারহান আহমেদ জোভানের সঙ্গে দেখা গেছে আরেক জনপ্রিয় অভিনেত্রী সাফা কবিরকে।
ভালবাসা দিবস উপলক্ষ্যে নির্মিত নাটকটির শিরোনাম ‘ভ্যালেন্টাইনস গিফট’। প্রেম-ভালবাসার নিখুঁত গল্পে নাটকটি নির্মাণ করছেন প্রবীর রায় চৌধুরী। থাকছে আলী সাগরের কথা ও সৈয়দ সুজন রিয়াদ হাসানের সুর করা একটি গানও।
নাটকটির গল্পে দেখা যাবে শুভ ও অনন্যা একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। সেখানেই তাদের মধ্যে বন্ধুত্ব। একসময় তা প্রেমে রূপ নেয়। অতীতের একটি সত্য ঘটনা সামনে চলে এলে শুভ-অনন্যার সম্পর্কে নতুন মোড় নেয়, এক সময় তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। তবে গল্প শেষ হচ্ছে কিভাবে তা দেখতে চাইলে অপেক্ষা করতে হবে।
নাটকটির কাজ আর গল্প নিয়ে ইত্তেফাক অনলাইনের সঙ্গে কথা হলো জোভানের। তিনি বলেন, ‘নাটকটির গল্প আমার পছন্দ হয়েছে। বেশ স্ট্রং স্টোরি, মূলত ভালবাসার গল্প নিয়েই নির্মিত হয়েছে। তবে শুটিং করতে হয়েছে দুদিনে, তড়িঘড়ি করে’।
সহ অভিনয়শিল্পী হিসেবে সাফার মূল্যায়নে জোভান আরো বলেন, ‘সাফা আর আমি এখানে অভিনয় করেছি। ও দারুণ কাজ করেছে। আশা করছি দর্শক-ভক্তরা এটাকে ভালভাবেই নিবেন।’
নাটকটিতে আরো দেখা যাবে জাফিয়া হক, হ্যাপী ইসলাম প্রমুখ। প্রচারিত হবে ১৩ ফেব্রুয়ারি রাত ৮টা ১০ মিনিটে আরটিভির পর্দায়।
ইত্তেফাক/আনিসুর সুমন
