প্রধান বিচারপতির উদ্যোগ

জামিনে মুক্তি পেলেন টঙ্গীর উন্নয়ন কেন্দ্রের ৪৮ কিশোর

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:১৪
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার উদ্যোগে জামিনে মুক্তি পেয়েছেন ৪৮ জন কিশোর। এরা সকলেই বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রের নিবাসী ছিলেন। সম্প্রতি ওই উন্নয়ন কেন্দ্র পরিদর্শনের পর কিশোরদের জামিনে মুক্তির বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয়কে নির্দেশ দেন। ওই নির্দেশ মোতাবেক এসব কিশোরদের আইনগত সহায়তা দেওয়ার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে অগ্রণী ভূমিকা পালন করা হয় বলে জানান হাইকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. সাব্বির ফয়েজ। 
 
তিনি বলেন, কিশোরদের অপরাধের গুরুত্ব বিবেচনা করে প্রধান বিচারপতি বিধি মোতাবেক ব্যবস্থা নিতে সুপ্রিম কোর্ট প্রশাসনকে নির্দেশ দেন। ওই নির্দেশনার প্রেক্ষিতে মামলার নথি পর্যালোচনা করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ফলে লুঘু অপরাধে বন্দি থাকা কিশোররা এখন মুক্তি পেয়েছেন। সাব্বির ফয়েজ জানান, মুক্তি পাওয়া কিশোরদের মধ্যে বেশ কয়েকজন চলতি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।  
 
দেশের দুটি উন্নয়ন কেন্দ্রে ৫২০ জন কিশোর-কিশোরী রয়েছেন। এর মধ্যে ৪১১ জন কিশোর এবং ১০৯ জন কিশোরী আছেন। কিশোরীদের মধ্যে একজন হত্যা মামলায়, ৩১ জন চুরি, ২ জন মানব পাচার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ জন বন্দি রয়েছেন। এছাড়া ৫২ জন ভিকটিম, ৫১ জন নিরাপদ হেফাজতি রয়েছেন। এদিকে কিশোরদের মধ্যে ৯৮ জন নারী ও শিশু নির্যাতন আইনে, ৫৭ জন চুরির অপরাধে, ৪৬ জন মাদক মামলায় আটক রয়েছেন। এদের মধ্যে ১২ থেকে ১৮ বছর বয়সী ২৯২ জন রয়েছেন।
 
গত ২৬ জানুয়ারি গাজীপুরে কিশোরী এবং টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্র আকস্মিক পরিদর্শন করেন প্রধান বিচারপতি। কিশোর-কিশোরীরা প্রধান বিচারপতিকে কাছে পেয়ে তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এদের অনেকেই প্রধান বিচারপতিকে বলেন, অপরাধ না করার পরেও বিভিন্ন মামলায় তাদেরকে আসামি করা হয়েছে। এরপরই প্রধান বিচারপতি কিশোরদের মুক্তির ব্যাপারে প্রয়োজনীয় আইনগত উদ্যোগ নেওয়ার  নির্দেশ দেন। 
 
ইত্তেফাক/এমআই