দুর্নীতির ৭ মামলার সম্পূরক অভিযোগপত্রে ফের আসামি মৃধা

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:১৭
রেলে নিয়োগে দুর্নীতির সাত মামলায় দুই বছর আগে দেয়া অভিযোগপত্রে অব্যাহতি পেলেও সম্পূরক অভিযোগপত্রে ফের আসামি করা হয়েছে পূর্বাঞ্চলীয় রেলের বরখাস্ত হওয়া মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধাকে।
 
আদালতের নির্দেশে এসব মামলার অধিকতর তদন্ত ও সম্পূরক অভিযোগপত্রসমূহ অনুমোদন শেষে বৃহস্পতিবার চট্টগ্রাম আদালতে দুদকের সাধারণ নিবন্ধন শাখা ও নগরীর কোতোয়ালি থানায় এসব অভিযোগপত্র জমা দেন সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তারা।
 
সম্পূরক অভিযোগপত্রে ইউসুফ আলী মৃধা ছাড়াও রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক ওয়েলফেয়ার অফিসার গোলাম কিবরিয়া এবং দুর্নীতির মাধ্যমে নিয়োগপ্রাপ্তদের আসামি করা হয়েছে।
 
আদালত সূত্রে জানা গেছে, উচ্চ আদালতের একটি পর্যবেক্ষণের ভিত্তিতে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহে নূর ২০১৬ সালের ৩ জানুয়ারি ইউসুফ আলী মৃধার বিরুদ্ধে দায়ের করা সাত মামলার নথি অধিকতর তদন্তের জন্য দুদকে ফেরত পাঠান। এসব মামলায় মৃধাকে অব্যাহতির সুপারিশ করে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়েছিল।
 
সাতটি মামলার মধ্যে তিনটির পুনঃতদন্ত করেন দুদকের রাজশাহী কার্যালয়ের পরিচালক আবদুল আজিজ ভূঁইয়া (সাবেক চট্টগ্রাম বিভাগীয় পরিচালক)। মামলাগুলো হলো কার্পেন্টার, সিনিয়র ডেটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর ও গুডস সহকারী পদে নিয়োগে অনিয়ম। বাকি চারটি মামলার তদন্ত করেন চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক সৈয়দ আহমদ রাসেল।
 
উল্লেখ্য, ২০১২ সালের ৯ এপ্রিল ঢাকার ধানমন্ডি এলাকায় বিজিবি হেডকোয়ার্টারের সামনে টাকার বস্তাসহ আটক হন তৎকালীন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএস ফারুক। দেশজুড়ে ব্যাপক আলোচিত এই ঘটনার তদন্ত করে এর সঙ্গে রেলওয়ে পূর্বাঞ্চলের তৎকালীন মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধার সম্পৃক্ততা পায় দুদক। তদন্তে রেলের ১৩টি ক্যাটাগরিতে ১ হাজার ৬৯ জন কর্মী নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের তথ্য উদঘাটিত হয়। এ ঘটনায় ২০১২ সালের সেপ্টেম্বর থেকে ২০১৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত নগরীর কোতোয়ালি থানায় ইউসুফ আলী মৃধাসহ একাধিক ব্যক্তিকে আসামি করে ১৩টি দুর্নীতির মামলা করে দুদক।
 
ইত্তেফাক/উজ্জল