ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (নিক্সন) বৃহস্পতিবার বিকালে তার উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে জনসভা করেন। চান্দ্রা ইউনিয়নের দীঘলকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় দুপুর হতেই হাজার হাজার জনগণ সমাবেশ স্থলে ভিড় করে। এসময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা-কর্মীরা হাতে ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড সঙ্গে নিয়ে ঢাক-ঢোল পিটিয়ে বিভিন্ন শ্লোগান দিয়ে এমপিকে বরণ করে নেয়।
বিকালে জনসভায় যোগ দিয়ে প্রধান অতিথির ভাষণে তিনি বলেন, তিন বছরে ফরিদপুর-৪ আসনকে জননেত্রী শেখ হাসিনার সহায়তায় উন্নয়নের রোল মডেল হিসাবে আমি আপনাদের দিয়েছি। আমার উন্নয়নকে ব্যাহত করতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ বিভিন্ন ভাবে বাধা দিয়ে থাকেন। আমি বঙ্গবন্ধুর দৈহিত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় সুতরাং কোন বাধাই আমাকে রুখতে পারবেনা।
বাংলাদেশের মধ্যে ভাঙ্গার জনগণ সবচেয়ে বেশি বঙ্গবন্ধুকে ও তার প্রতীক নৌকাকে ভালবাসে। শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করে এই উন্নয়নের ধারা অব্যহত রাখতে সকল জনগণকে সজাগ থাকার আহ্বান করেন।
চান্দ্রা ইউনিয়নের চেয়ারম্যান গিয়াসউদ্দিন খালাশির সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, হামেরদী ইউপি চেয়ারম্যান শামচুল আলম রাসেল, নাসিরাবাদ ইউপি চেয়ারম্যান লাবলু, ভাঙ্গা বাজার বণিক সমিতির সম্পাদক আবু জাফর মুন্সি, আলগী ইউপি চেয়ারম্যান কাওছার ভুইয়া, উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার আমিনুল ইসলাম, চান্দ্রা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান খালেক মোল্লা প্রমুখ।
ইত্তেফাক/এমআই
