খুলনায় হত্যা মামলায় পাঁচ ভাইসহ ৮ জনের কারাদণ্ড

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ২০:২২
খুলনার তেরখাদা উপজেলার একটি হত্যা মামলায় পাঁচ ভাইসহ আট আসামিকে বিভিন্ন মেয়াদে  কারাদণ্ড দিয়েছে আদালত।
 
বৃহস্পতিবার দুপুরে খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক এস. এম. সোলায়মান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে সাতজন আদালতে উপস্থিত ছিলেন।
 
দণ্ডপ্রাপ্তদের মধ্যে পাঁচজনকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
 
অপরদিকে একই মামলায় আরেকটি ধারায় দণ্ডপ্রাপ্ত পাঁচজনের মধ্যে তিনজনসহ মোট ছয়জনকে দুবছর করে সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।
 
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- তেরখাদা উপজেলার পারহাজী গ্রামের মৃত পাচু মোল্লার পাঁচ ছেলে মো. হারুন মোল্লা (সাত বছর), মো. ফারুক মোল্লা (সাত বছর), মো. পিপুল মোল্লা (সাত বছর), মো. জহুর মোল্লা (পাঁচ বছর) ও মো. লাভলু মোল্লা (পাঁচ বছর)। এছাড়া একই গ্রামের লুৎফর শেখের ছেলে মো. কালন শেখ (দুই বছর), সালাম মোল্লার ছেলে আসলাম মোল্লা (দুই বছর, পলাতক) এবং মৃত জব্বার মোল্লা ওরফে রাঙ্গা মোল্লার ছেলে মো. কালাম মোল্লা (দুই বছর)।
 
ইত্তেফাক/উজ্জল