অভিনয়ে পা শাহরুখ-কন্যার, নেটে ভাইরাল ভিডিও

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৭, ১১:৪৮
স্কুলের নাটকে অভিনয় করলেন শাহরুখ-কন্যা সুহানা। হাততালিও কুড়ালেন বেশ। মেয়ের অভিনয়ের ভিডিও ইনস্টাগ্রামে আপলোড করলেন বলিউড 'বাদশা'। মুহূর্তেই তা ছড়িয়ে গেলো পুরো ওয়েব জুড়ে।
 
কলেজের মঞ্চে অভিনয় দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন শাহরুখ। তার মেয়ে কি তবে স্কুলের নাটকে অভিনয় দিয়ে বলিউডে আসার ইঙ্গিত দিলেন, এই প্রশ্ন এখন শাহরুখ ভক্তদের।
 
ইন্ডিয়া টুডে-এর খবর বলছে, স্কুলের নাটকে সিন্ড্রেলা সাজলেন সুহানা খান। তবে এই সিন্ড্রেলা একেবারেই অন্যরকম। বরং একটু বেশি মেলোড্রামাটিক। একটু বেশি সচেতন। মানে জনপ্রিয় রূপকথার গল্পতে টুইস্ট এনে একেবারে নতুন সিন্ড্রেলা সাজলেন সুহানা খান। আর তা দেখে আপ্লুত শাহরুখ খানও।
 
বলিউডের কানাঘুষা, করণ জোহরের হাত ধরেই সিনেমায় নামতে পারেন শাহরুখ পুত্র আরিয়ান খান। এমনকি, শাহরুখ কন্যাকেও সিনেমায় নিয়ে আসতে আগ্রহ প্রকাশ করেছেন করণ। এই নাটকেই হয়তো অল্প ঝলক দেখা গেলো যে, বলিউডে সুহানা কীরকম নায়িকা হতে পারেন।
 
 
ইত্তেফাক/মনসুর